বাড়িঘর ভাঙচুর-লুটপাট, খোলা আকাশের নিচে দুই পরিবার

বাড়িঘর ভাঙচুর-লুটপাট, খোলা আকাশের নিচে দুই পরিবার

পাবনার ঈশ্বরদীতে জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে দুই ব্যবসায়ীর বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও জোরপূর্বক উচ্ছেদের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় নগদ টাকা, স্বর্ণালংকার ও গরু লুটসহ প্রায় ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।

বিজ্ঞাপন

বসতভিটা হারিয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন দুই পরিবার। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

মঙ্গলবার সকালে উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল কাঁঠালতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। একই দিন রাতে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তুলে ধরে ন্যায়বিচার দাবি করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

ভুক্তভোগীরা হলেন ব্যবসায়ী জামিরুল ইসলাম শান্ত ও তার ভাই শিহাব উদ্দিন। তাদের অভিযোগ, একই এলাকার খোকন হোসেন, রবি হোসেন, মতিয়ার রহমান, আবুল খায়ের, সিরাজুল ইসলামসহ আরো কয়েকজন এ ঘটনার সঙ্গে জড়িত। এ ঘটনায় রাতেই প্রধান অভিযুক্ত খোকন হোসেনকে গ্রেপ্তার করেছে ঈশ্বরদী থানার পুলিশ।

জামিরুলের অভিযোগ, মঙ্গলবার সকাল ৯টার দিকে আদালতের কোনো আদেশ ছাড়াই দেশীয় অস্ত্র নিয়ে ৫০ থেকে ৬০ জনের একটি দল তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িঘর ভাঙচুর করে তাদের জোরপূর্বক উচ্ছেদ করা হয়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার পর ঈশ্বরদী থানায় গিয়ে লিখিত অভিযোগ দেওয়া হলেও তাৎক্ষণিকভাবে কার্যকর প্রতিকার পাননি তারা। বর্তমানে পরিবারটি নিরাপত্তাহীনতায় রয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে খোকন বলেন, বিরোধপূর্ণ জমিটি তাদের পৈতৃক সম্পত্তি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে অতীতে তাদের বাপ-দাদার ভিটা জবরদখল করা হয়েছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও প্রতিপক্ষ তা মানেনি।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ভুক্তভোগীদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধান অভিযুক্ত খোকন হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার ও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন