বগুড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ৫ হাজার মানুষ

বগুড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ৫ হাজার মানুষ

পরিবারের অসচ্ছলতার কারণে নিম্নআয়ের মানুষের একটি বড় অংশ সময়মতো চক্ষু চিকিৎসা নিতে পারেন না। আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেকে ছানি ও দৃষ্টিশক্তিজনিত সমস্যায় দীর্ঘদিন ভুগলেও চিকিৎসা করাতে পারেন না। এমন সুবিধাবঞ্চিত মানুষের জন্য বগুড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও পরামর্শসেবা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার বগুড়া পৌর হাইস্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে জেলার বিভিন্ন এলাকার প্রায় ৫ হাজার নারী, পুরুষ ও শিশু চিকিৎসাসেবা নেন। ক্যাম্পে চক্ষু পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ বিনামূল্যের চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় ক্যাম্পটি আয়োজন করে আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন।

সকাল থেকেই বগুড়া জেলার বিভিন্ন এলাকা থেকে রোগীরা চিকিৎসাসেবা নিতে ক্যাম্পে আসতে শুরু করেন। নারী, পুরুষ ও শিশুদের পাশাপাশি বয়স্ক মানুষের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। চিকিৎসকেরা রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ ও ব্যবস্থাপত্র দেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়।

ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে ছানি ও দৃষ্টিশক্তিজনিত সমস্যায় আক্রান্ত প্রায় ৫০০ জনকে অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়েছে। তাদের বিনামূল্যে লেন্সসহ ছানি অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে। পর্যায়ক্রমে প্রয়োজন অনুযায়ী এসব রোগীর অস্ত্রোপচার করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

চক্ষু চিকিৎসা ও অপারেশন ক্যাম্প পরিদর্শন করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এবং আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর (বাংলাদেশ সেক্টর) আহমেদ তাহের হামিদ আলী।

তারা ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং চিকিৎসক ও রোগীদের সঙ্গে কথা বলেন। এ সময় রোগীদের মধ্যে প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়। জেলা বিএনপির নেতারাও ক্যাম্পের সার্বিক কার্যক্রম তদারকি করেন।

ক্যাম্পে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, প্রবীণ নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, জিয়াউর রহমান ফাউন্ডেশন বগুড়ার ডা. শাহ মো. শাহজাহান আলী, ডা. আফসারুল হাবিব রোজ, আমিনুল হক দেওয়ান সজল, ডা. ইউনুস আলী, আলনুর চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু সাঈদ, আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের ফ্রি ক্যাম্পিং ম্যানেজার মো. ওবায়দুজ্জামান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন এবং গাবতলী উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আরিফুর রহমান মজনু।

আয়োজকরা বলেন, অর্থনৈতিক অসচ্ছলতার কারণে অনেক মানুষ প্রয়োজন থাকা সত্ত্বেও চক্ষু চিকিৎসা নিতে পারেন না। বিশেষ করে ছানি ও দৃষ্টিশক্তিজনিত সমস্যায় আক্রান্ত নিম্নআয়ের মানুষের জন্য চিকিৎসার সুযোগ তৈরি করাই এ ক্যাম্পের মূল উদ্দেশ্য। আর্থিক সীমাবদ্ধতার কারণে কেউ যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তারা আরও জানান, সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে। প্রয়োজন অনুযায়ী চক্ষু চিকিৎসার পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যসেবাও মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন