এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী ও দলটির যুব সংগঠন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বিএনপির কঠোর সমালোচনা করে বলেছেন, বিএনপি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ। আর ব্যর্থদেরকে ক্ষমতায় দেখতে চায় না এ দেশের মানুষ।
মঙ্গলবার নাটোরের সিংড়া বাসস্ট্যান্ডে এনসিপির নির্বাচনি পথসভায় দেয়া ভাষণে তিনি এ কথা বলেন।
তারিকুল ইসলাম বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর ওয়ান ইলেভেনের সূচনা হয়েছিল। তারপর গত ১৬ বছর দেশ অন্ধকারে নিমজ্জিত হয়। ফ্যাসিবাদের শাসনামলে প্রবেশ করতে হয়েছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। সুতরাং যারা বলে তাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে, তাদেরকে বলতে চাই আপনাদের অভিজ্ঞতা ব্যর্থতার অভিজ্ঞতা। তাই ব্যর্থদেরকে বাংলাদেশের মানুষ আগামী ১২ তারিখ প্রত্যাখ্যান করবে।
বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, যারা ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই শহীদদের রক্তের সাথে বেইমানি করে, আওয়ামী লীগের সাথে আঁতাত করে; মানুষ তাদেরকে ক্ষমতায় দেখতে চায় না।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, তিনি যে সহিংস ও আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন, তা অব্যাহত থাকলে জনগণ তাদেরকে প্রত্যাখান করবে।
টিআইবির প্রতিবেদনে বিএনপির রাজনৈতিক সহিংসতার উল্লেখ করে যুবশক্তির আহ্বায়ক বলেন, যারা শান্তির কথা বলে সংঘর্ষে লিপ্ত হয়, অশান্তি সৃষ্টি করে; তাদেরকে বাংলাদেশের মানুষ আর চায় না।
তারিকুল ইসলাম বলেন, যারা বলছেন ভোটকেন্দ্র দখল করে ক্ষমতায় যেতে চান— তাদেরকে বলি এটা হতে দেব না। আমরা ভোটকেন্দ্র পাহারা দিয়ে দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করব। জনগণ ভোটকেন্দ্র দখলের চেষ্টাকে লাল কার্ড দেখাবে ইনশাআল্লাহ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

