রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী
ছবি: এআই

দেশে নাশকতা ও সহিংসতা প্রতিরোধে জাতীয় ঐক্য গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

সোমবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এ সংলাপ শুরু হতে পারে। বিরোধী জোটের জামায়াতে ইসলামীসহ জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব রাজনৈতিক দলকে এ আলোচনায় আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে সরকারপ্রধানের।

এনসিপির দায়িত্বশীল একাধিক নেতা ‘আমার দেশ’কে জানিয়েছেন, দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ লন্ডন সফর শেষে দেশে ফিরবেন। এরই মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এনসিপিকে বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে। আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে দলটির বৈঠক হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী তৎপরতা ও নাশকতা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হতে পারে। তবে সোমবারই বৈঠক অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নাহিদ ইসলাম দেশে ফেরার পর বৈঠকের দিনক্ষণ নির্ধারণ করা হতে পারে বলে জানিয়েছেন দলটির নেতারা।

একাধিক রাজনৈতিক সূত্র জানিয়েছে, বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ ও বৈঠক আয়োজনের দায়িত্ব পালন করছেন বিএনপির একজন হুইপ। তবে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। আগামী ২৬ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। সে ক্ষেত্রে আগামী ২৭ অথবা ২৮ নভেম্বর জামায়াতে ইসলামীর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ হতে পারে।

প্রধানমন্ত্রী রাজনৈতিক দলগুলোর সঙ্গে যৌথভাবে বৈঠক করবেন, নাকি পৃথকভাবে আলোচনা করবেন, সে বিষয়েও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পরিস্থিতি ও সংশ্লিষ্ট দলগুলোর সুবিধা বিবেচনায় নিয়ে দুই ধরনের বৈঠকেরই সম্ভাবনা রয়েছে।

রাজনৈতিক সূত্রগুলো জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতা রাজনৈতিকভাবে মোকাবিলা এবং জাতীয় পর্যায়ে বৃহত্তর ঐক্য গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ ক্ষেত্রে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে একই প্ল্যাটফর্মে আনার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে নাশকতা ও সহিংসতা প্রতিরোধে দলগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর বিষয়টিও সংলাপে গুরুত্ব পেতে পারে।

এরই ধারাবাহিকতায় গত বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতার মধ্যে বৈঠক হয়। ওই বৈঠকের পর সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মতো আবারও জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

অন্যদিকে, গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা। সংসদের ওই বৈঠকের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর ধারাবাহিক সংলাপের উদ্যোগকে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রচেষ্টার অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...