নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় বায়েলসা রাজ্যে শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে যাত্রীবাহী একটি নৌকা ডুবে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
দেশটির দক্ষিণ-দক্ষিণাঞ্চলীয় বায়েলসা রাজ্যে শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার (এনইএমএ) মুখপাত্র মানজো ইজেকি এক বিবৃতিতে জানান, দুর্ঘটনার পর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে এখনো কতজন নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেননি তিনি।
পুলিশের মুখপাত্র মুসা মোহাম্মদ শুক্রবার জানান, দুর্ঘটনার পর আরো ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন, সে বিষয়ে এখনো কিছু জানায়নি কর্তৃপক্ষ।
মোহাম্মদ বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে নৌকাটিতে সমস্যা দেখা দিয়েছিল। এ সময় যাত্রীরা নৌকাটিকে তীরের দিকে চালিয়ে নেওয়ার জন্য চালককে অনুরোধ করেন। তবে চালক তাদের অনুরোধ উপেক্ষা করেন বলে অভিযোগ রয়েছে।
পরে নৌকার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় নৌকার ব্যবস্থাপককে আটক করা হয়েছে বলে জানান পুলিশের এই মুখপাত্র।
এদিকে দুর্ঘটনার পর নৌযান পরিচালনাকারী ও যাত্রীদের নিরাপত্তাবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে বায়েলসা রাজ্য সরকার।
শনিবার এক বিবৃতিতে রাজ্যের তথ্য কমিশনার ইবিউওউ কোকু-ওবিয়াই বলেন, ‘অতিরিক্ত যাত্রী বহন, অতিরিক্ত গতিতে নৌযান চালানো, বেপরোয়া আচরণ এবং লাইফ জ্যাকেট ছাড়া যাতায়াত বন্ধ করতে হবে। কোনো যাত্রাই একটি প্রাণের চেয়ে মূল্যবান নয়।’
সূত্র: এপি
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




