ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ, আটক ৩

ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ, আটক ৩
ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ, আটক ৩। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে দেশের সর্বোচ্চ সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সদস্য পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি এবং মারধরের অভিযোগে ৩ প্রতারককে আটক করেছে পুলিশ। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত একটি কালে রংয়ের পাজেরো জিপ, দুটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাপ, ডিজিএফআই ইন্সপেক্টর পরিচয়ের ভিজিটিং কার্ড ও একটি লাঠি জব্দ করে। অপহৃত সিএনজি চালক আলাউদ্দিনকে উদ্ধার করে পুলিশ।

আটককৃতরা হলেন- মাহাবুব আলম রায়হান (৩৬), সাদ্দাম কাজী (৩৫) ও নাসির (৩৬)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাতে ফতুল্লা থানাধীন ভূইঘর সাহেবপাড়া পঞ্চায়েতের মোড় এলাকার বিসমিল্লাহ টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সিএনজি চালক আলাউদ্দিন সাইনবোর্ড সিএনজি স্ট্যান্ডে গাড়ি নিয়ে অবস্থান করছিলেন। এ সময় একটি পুরাতন পাজেরো গাড়ি তার সামনে এসে থামে। গাড়ি থেকে তিনজন নেমে নিজেদের ডিজিএফআইয়ের সদস্য বলে পরিচয় দেন। এ সময় তারা নিজেদের হাতে থাকা লাঠি দিয়ে বেশ কয়েকটি সিএনজির সামনের গ্লাস ভাঙচুর করে। তারা আলাউদ্দিনকে সিএনজি থেকে নামিয়ে টেনে-হিঁচড়ে পাজেরো গাড়িতে তুলে নেওয়া হয়। পরবর্তীতে তাকে নিয়ে বিভিন্ন রাস্তায় ঘুরতে থাকে এবং মারধর করে দুই লাখ টাকা মুক্তিপণ হিসেবে দাবি করে। বিষয়টি পুলিশ জানতে পেরে ডিজিএফআইসহ প্রশাসনের একাধিক সংস্থার সাথে যোগাযোগ করে নিশ্চিত হয় যে সিএনজি চালককে অপহরণ করা ব্যক্তিরা একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের সদস্য। রাত সাড়ে ১২টার দিকে ভূইঘর সাহেবপাড়া পঞ্চায়েতের মোড় এলাকার বিসমিল্লাহ টাওয়ারের সামনে থেকে ওই পাজেরো গাড়িটির গতিরোধ করে তিনজনকে আটক করে। এ সময় একজন অজ্ঞাতনামা ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। পুলিশ আহত অবস্থায় সিএনজি চালক আলাউদ্দিনকে গাড়ি থেকে উদ্ধার করে।

ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুবুর আলম জানান, আটককৃতরা একটি সংঘবদ্ধ অপরাধী চক্রেস সদস্য। তারা দীঘদিন ধরে আইনশৃংখলা রক্ষাকারীবাহিনীর পরিচয় বহন করে ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোড থেকে টার্গেট করা ব্যক্তিকে অপহরণ করে ভয়ভীতি দেখিয়ে মুক্তিপণ হিসেবে অর্থ আদায় করে আসছিল। আমরা ওই চক্রের তিনজন সদস্যকে আটক করেছি। তাদের কাছ থেকে দুটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাপ, ডিজিএফআই ইন্সপেক্টর লেখা একটি ভিজিটিং কার্ডসহ লাঠি জব্দ করেছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন