আ.লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি: রাশেদ প্রধান

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

আ.লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি: রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, বিএনপি সরকার পতিত ফ্যাসিস্ট আওয়ামী আমলের শেখানো বুলিই ব্যবহার করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালীন বারবার জামায়াত-শিবির ও বিএনপিকে 'রাজাকার' বলতো। ভাগ্যের কী নির্মম পরিহাস, সেই বিএনপিই এখন ক্ষমতায় গিয়ে জামায়াত-শিবিরকে 'রাজাকার' বলছে। তারা ভুলে গেছে কিছুদিন আগেও আওয়ামীলীগ জামায়াত-শিবিরের পাশাপাশি বিএনপিকেও 'রাজাকার' বলত। শুনেছিলাম, 'যে যায় লঙ্কায়, সেই হয় রাবণ'। বিএনপিকে দেখে মনে হচ্ছে যে ক্ষমতায় যায়, সেই 'মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি' হয়ে ওঠে। বাস্তবতা হলো, আওয়ামীলীগের মতোই এখন একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি।"

বিজ্ঞাপন

মহান মে দিবস উপলক্ষে 'শ্রমিক জাগপা' আয়োজিত শ্রমিক জনতার ডাক, গণভোটের রায়ে জুলাই সনদ বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জাগপা মুখপাত্র বলেন, "স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন সাহেব পবিত্র সংসদে বলেছেন নির্বাচন যাতে বিলম্বিত না হয়, সেজন্য বিএনপি 'জুলাই জাতীয় সনদে' আপস করেছে। তার কথায় এটিই প্রমাণিত হয়েছে জুলাই সনদ গুরুত্বপূর্ণ নয়। বরং যেকোনো মূল্যে দ্রুত ক্ষমতা আরোহণই ছিল বিএনপির মূল লক্ষ্য। তার বক্তব্যে আরও স্পষ্ট হয়েছে যে, ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য গণভোটে 'হ্যাঁ'-ভোটের পক্ষে মিথ্যা প্রচারণা চালিয়েছিলেন।

রাশেদ প্রধান বলেন, মহান মে দিবসে আমাদের শপথ নিতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে দেশ ও প্রবাসের শ্রমিক ভাই-বোনেরা যেভাবে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন, আমাদের আবারও সেই একই স্পৃহা নিয়ে নতুন একটি গণঅভ্যুত্থান গড়ে তুলতে হবে। গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। আমরা আর কোনো নতুন ফ্যাসিবাদ বরদাস্ত করব না।"

শুক্রবার বেলা ১১টায় পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্বে করেন শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুল। শ্রমিক জাগপার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, যুব জাগপা সাধারণ সম্পাদক ইঞ্জি সিরাজুল ইসলাম ।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন