জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কর্মসূচির অংশ হিসেবে ৭ নভেম্বর রাজধানী ঢাকাসহ সারা দেশে বর্ণাঢ্য শোভাযাত্রা করবে দলটি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ শোভাযাত্রার উদ্বোধন করার কথা রয়েছে।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন দলের কেন্দ্রীয় নেতারা। এরপর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রার উদ্বোধন করা হবে। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জেলা ও মহানগরে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
কর্মসূচি ঘোষণা করে বলা হয়, অতীতে একটি রাজনৈতিক দল দেশের ইতিহাসের সবকিছু অস্বীকার করে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছিল, যার ভয়াবহ চাপ পড়েছিল সাধারণ মানুষের ওপর। ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশ সংকট থেকে রক্ষা পায় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র চর্চার পরিবেশ তৈরি করেছিলেন।
নেতারা বলেন, যখনই দেশ একনায়কতান্ত্রিক শাসনের কুচক্রী মহলের আক্রমণের শিকার হয়েছে, তখনই দেশের সচেতন জনগণ রাজপথে নেমে এসেছে। এর বড় উদাহরণ নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থান।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বাংলাদেশ মাথা নিচু করে চলার দেশ নয়। এ দেশের মানুষের মূল রাজনৈতিক দর্শন হলো মতপ্রকাশের স্বাধীনতা। জনগণের এই অধিকার ও গণতান্ত্রিক চেতনা সমুন্নত রাখতেই জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রকৃত তাৎপর্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


