বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে: মির্জা ফখরুল

বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে: মির্জা ফখরুল
রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন ও তাদের স্বাবলম্বী করে তোলার বিশেষ উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানেস্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আমাদের একটা বিরোধী দল আছে। এই বিরোধী দল আগের মতোই ভূমিকা শুরু করেছে। হাসিনা যে ভাষায় কথা বলত, তারা ওই ভাষায় কথা বলা শুরু করেছে। করতে দিব না, চলতে দিব না, শেষ করতে দিব না, কথা বলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

রোববার দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন ও তাদের স্বাবলম্বী করে তোলার বিশেষ উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমাদের ক্ষমতায় আসার মাত্র চার-পাঁচ মাস হয়েছে। অনেক পরিবর্তন হয়েছে। একটা ধ্বংসস্তূপের অর্থনীতিকে টেনে তোলা হয়েছে। একটা বিধ্বস্ত প্রশাসনকে ঢেলে সাজানো হচ্ছে। কাজটা তো এত সহজ না যে এত তাড়াতাড়ি হবে। আর তাদের ভাষায় এই মুহূর্তে হতে হবে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ ১৫ বছরে তেল বা গ্যাসের খনি আবিষ্কার করার চেষ্টাও করে নাই। আমাদের একটা প্রতিষ্ঠান আছে বাপেক্স, যেটা দিয়ে আমরা তেল বা গ্যাস আহরণের চেষ্টা করি, সেটাকে আওয়ামী লীগ পঙ্গু করে দিয়েছে। সেটাকে আবারও চালু করেছে সরকার।

মির্জা ফখরুল বলেন, তেল আর গ্যাস বিদেশ থেকে জাহাজে করে আনতে হয়। সেখানে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়। ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধে আমাদের প্রায় চার বিলিয়ন ডলার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আপনারা এক দিনও তেল ছাড়া থাকেন নাই।

দেশে বিরাট পরিবর্তন হয়েছে। ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে। এখন আমাদের দেশ গঠনের সুযোগ এসেছে। ফ্যাসিস্ট সময়ে ৬০ লাখ মানুষের নামে মামলা হয়েছিল, ২০ হাজার মানুষকে হত্যা করা হয়েছে, ১ হাজার ৭০০ মানুষকে গুম করা হয়েছে। এখন সেই পরিস্থিতি নেই। তবে বর্তমান বিরোধী দলের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিএনপি মহাসচিব।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, তারেক রহমান যেদিন প্রথম দিন বাংলাদেশে পা রাখেন, প্রথমে বলেছিলেন ‘আই হ্যাভ আ প্ল্যান’। সেদিন তিনি কোনো রাজনৈতিক কথা বলেন নাই। আমার একটা পরিকল্পনা আছে দেশকে পরিবর্তন করার। দেশের মানুষের অর্থনৈতিক পরিবর্তন করার।

তিনি বলেন, নির্বাচনের আগে যা প্রতিশ্রুতি দিয়েছেন, তা-ই বাস্তবায়ন করছেন। ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করেছেন। কৃষক কার্ড দেওয়া শুরু হয়েছেন। যে সকল কৃষক ঋণগ্রস্ত, তাদের ঋণ মওকুফ করে দিবেন সেগুলো মওকুফ করে দিয়েছেন। খাল কেটে খাল খনন কর্মসূচি শুরু করেছেন। তিনি মসজিদের ইমাম, মন্দিরের পণ্ডিতসহ যারা আছেন তাদের একটা ভাতা দেওয়া শুরু করেছেন। সাধারণ মানুষের জন্য তিনি কাজ করছেন। তারেক রহমান আরেকটা কথা বলেছেন, তিনি উত্তর অঞ্চলকে কৃষিভিত্তিক অঞ্চল হিসেবে গড়ে তুলতে চান। এর ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে।

প্রবাসীদের প্রশংসা করে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে প্রবাসীরা বিশাল ভূমিকা পালন করেছেন। গোটা প্রবাসী বাংলাদেশিরা আন্দোলন করেছেন। বিশ্বকে জানিয়েছেন, আমাদের বাংলাদেশে ফ্যাসিস্ট আছে, তাকে সরাতে হবে। তার মধ্যে মুশফিকুল ফজল আনসারী একজন।

তিনি বলেন, এই সরকার একদিকে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, পার্লামেন্ট হয়েছে, কথা বলার সুযোগ আছে, আগে তো আওয়ামী লীগের আমলে সাংবাদিকেরা কথা বলতে পারতেন না। লিখতে পারতেন না। আর এখন সত্য মিথ্যা যা পাচ্ছেন, সেটাই লিখতে পারছেন।

আল্লাহ তাআলার কাছে আমরা ওয়াদাবদ্ধ, আমরা যথা সত্য চেষ্টা করব দেশের উন্নয়নের জন্য। এটা আমরা প্রতিজ্ঞা করেছি। জনগণের কাছে আমরা অঙ্গীকারবদ্ধ। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো আমরা বাস্তবায়নের চেষ্টা করব।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, জেলা প্রশাসক রুহুল আমিন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন লাভ শেয়ার বিডির পরিচালক জাহিদ খান। যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যারিটি সংস্থা লাভ শেয়ার বিডির নিজস্ব অর্থায়নে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন ও স্বাবলম্বী করার লক্ষ্যে রংপুর অঞ্চলের ২৫ জন সুবিধাবঞ্চিত ব্যক্তির মধ্যে ২৫টি চা ঘর হস্তান্তর করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন