গাজীপুরের শ্রীপুরে সুতিয়া নদীতে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার বাপ্তা-বেলদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো—বেলদিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাব্বী (১১) ও একই গ্রামের রুহুল আমিনের ছেলে মুত্তাসীন (১১)। তারা দুজনই বাপ্তা-বেলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সকালে বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে রাব্বী, মুত্তাসীনসহ কয়েকজন সহপাঠী বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া সুতিয়া নদীতে সাঁতার কাটতে যায়।
একপর্যায়ে সাঁতার কাটার সময় এক শিশু পানিতে বিপদে পড়ে। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে অপর শিশুটিও পানিতে ঝাঁপ দেয়। পরে দুজনই নদীর পানিতে তলিয়ে যায়। বিষয়টি দেখে সঙ্গে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করলে স্থানীয় বাসিন্দা ও স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন।
পরে স্থানীয়রা নদীতে নেমে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর দুই শিশুকে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দুজনকেই মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার জানান, স্থানীয়দের কাছ থেকে দুই শিশুর পানিতে ডুবে যাওয়ার খবর পেয়ে পুলিশ বিষয়টি জানতে পারে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুই শিশুর আকস্মিক মৃত্যুতে বাপ্তা-বেলদিয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে পরিবার দুটিতে চলছে আহাজারি। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। সহপাঠী ও স্থানীয়দের মধ্যেও নেমে এসেছে শোক।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে সুতিয়া নদীতে পানির গভীরতা বেড়ে যাওয়ায় শিশুদের নদীতে নামার বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকা প্রয়োজন। শিশুদের নিরাপত্তায় নদীতে সাঁতার কাটার বিষয়ে নজরদারি বাড়ানোর পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

