মঙ্গলবার মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের পশ্চিমাঞ্চলে একটি স্বর্ণের খনি ধসে অন্তত ৩০ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন শ্রমিক খনির ভেতরে আটকা পড়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ ও বাসিন্দারা।
নানা-মামবেরে প্রিফেকচারের আব্বা অঞ্চলে মঙ্গলবার সকালে খনিটি ধসে পড়ে। বেঁচে যাওয়া শ্রমিক ফ্লোরিয়ান গাগুয়েন্দে জানান, ধসের পর উদ্ধারকারীরা খনির ভেতরে আটকে পড়া শ্রমিকদের সন্ধানে তৎপরতা চালাচ্ছেন। তবে সময় যত গড়াচ্ছে, তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ততই ক্ষীণ হয়ে আসছে।
উপ-প্রিফেকচারের উপ-মেয়র সুলেমান বি জানান, উদ্ধারকারী ও স্থানীয় বাসিন্দারা কয়েক ঘণ্টার প্রচেষ্টায় ধ্বংসস্তূপ থেকে ৩০টি লাশ উদ্ধার করেছেন। আহত শ্রমিকদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
সুলেমান বি বলেন, ‘পরিস্থিতি ভয়াবহ। যারা এখনো গর্তের ভেতরে আটকা পড়ে আছেন এবং যাদের নিজেদের পক্ষে বেরিয়ে আসা সম্ভব নয়, তাদের উদ্ধারে আমরা বিভিন্ন সংস্থা ও সব শুভাকাঙ্ক্ষীর সহায়তা চাইছি।’
ঘটনাস্থলের বলে ধারণা করা ভিডিও ফুটেজে উদ্ধার তৎপরতার বিশৃঙ্খল চিত্র দেখা গেছে। কাদায় মাখামাখি অধিকাংশ তরুণ শ্রমিককে খনির গর্ত থেকে একটি লাশ তুলে আনতে দেখা যায়। বিস্তীর্ণ খনি এলাকায় আরো বহু শ্রমিক ও কর্মী ছড়িয়ে-ছিটিয়ে ছিলেন; তাদের কেউ কেউ সাহায্যের জন্য চিৎকার করছিলেন।
সরকারের মুখপাত্র এভারিস্তে নগামানা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও সহায়তা দিতে সরকার ‘সর্বাত্মকভাবে কাজ করছে’।
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে এ ধরনের কারিগরি সহায়তাবিহীন ক্ষুদ্র পরিসরের খনি ধসের ঘটনা প্রায়ই ঘটে। দেশটিতে কয়েক হাজার মানুষ ছোট পরিসরে খনিজ উত্তোলনের কাজে নিয়োজিত। পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম ও সুরক্ষা ব্যবস্থা না থাকায় এসব খনিতে কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং দুর্ঘটনাগুলো প্রায়ই প্রাণঘাতী হয়ে ওঠে।
সূত্র: এনডিটিভি
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


