আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিএনপি জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করেছে: ইসলামী আন্দোলন

স্টাফ রিপোর্টার

বিএনপি জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করেছে: ইসলামী আন্দোলন

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জুলাই সনদের ধারা-৮ এ পরিষ্কারভাবে সংবিধান সংস্কার পরিষদ গঠন করার কথা বলা হয়েছে এবং ধারা-৯ এ একই অনুষ্ঠানে একই ব্যক্তির কাছে শপথ নেয়ার কথা বলা আছে। এসব বিষয়ে আইনি নানা বিতর্ক থাকলেও বিএনপিসহ সবাই সেই জুলাই সনদে স্বাক্ষর করেছে। এই সনদের ওপরেই গণভোট হয়েছে এবং তাতে জনগণ সায় দিয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, এখন পুরোনো আইনি বিতর্ক তুলে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়া স্পষ্টত জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করা। জুলাই সনদে প্রাপ্ত জনরায়কে উপেক্ষা করা। হাজারো মানুষের উৎসর্গিত জীবনের পাটাতনে দাঁড়িয়ে এই আচরণ বিএনপির কাছে প্রত্যাশিত ছিলো না। গণতান্ত্রিক উত্তরণের প্রথম দিনেই বিএনপি জনরায়কে উপেক্ষা করার খারাপ দৃষ্টান্ত তৈরি করলো।

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে এই নেতা আরো বলেন, সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জোড়ে জনরায়কে উপেক্ষা করার পরিণতি কখনোই ভালো হয় না। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রাপ্ত সংখ্যাগরিষ্ঠতাকে যদি বিএনপি এভাবে ব্যবহার করে তাহলে দেশ আগের তিমিরেই ফিরে যাবে বলে আশঙ্কা হচ্ছে। তাই অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে জুলাই সনদের বাস্তবায়ন শুরু করুন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...