পীরগঞ্জে প্রসূতির মৃত্যুর পর নগর মাতৃসদন বন্ধ ঘোষণা

পীরগঞ্জে প্রসূতির মৃত্যুর পর নগর মাতৃসদন বন্ধ ঘোষণা
ছবি: আমার দেশ

রংপুরের পীরগঞ্জে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের আওতায় পরিচালিত নগর মাতৃসদন কেন্দ্রে এক প্রসূতি ও তার গর্ভের সন্তানের মৃত্যুর ঘটনায় নানা অভিযোগ উঠেছে। এ ঘটনার পর বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান কেন্দ্রটির সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছেন।

মৃত প্রসূতি শ্রাবণী (১৯) উপজেলার প্রজাপাড়া এলাকার রিকশাচালক মতিয়ার রহমানের মেয়ে। মঙ্গলবার সন্ধ্যায় প্রসববেদনা উঠলে তার মা শিমা বেগম তাকে নগর মাতৃসদনে ভর্তি করেন। সেখানে প্রসূতি ও তার গর্ভের সন্তানের মৃত্যু হয় বলে স্বজনরা জানান।

বিজ্ঞাপন

স্বজনদের অভিযোগ, বাড়ির কাছাকাছি হওয়ায় শ্রাবণী তার মা ও খালার সঙ্গে হেঁটে নগর মাতৃসদনে আসেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর সিজারের জন্য ১০ হাজার ৫০০ টাকা নগদ পরিশোধ করা হয়। পরে তাঁকে অপারেশন থিয়েটারে নেওয়া হলেও প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করানো হয়। এরপর একটি অ্যাম্বুলেন্স ডেকে তাকে রংপুরে পাঠানো হয়।

শ্রাবণীর বাবা মতিয়ার রহমান অভিযোগ করে বলেন, তাকে ওষুধ কেনার জন্য অন্যত্র পাঠানো হয়েছিল। ফিরে এসে তিনি দেখেন, তার মেয়েকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে এবং তার মুখ কাপড় দিয়ে ঢাকা। কী ঘটেছে, সে বিষয়ে তাকে কিছু জানানো হয়নি। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা শ্রাবণীকে মৃত ঘোষণা করেন। ওই দিনই তার লাশ দাফন করা হয়।

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদ রানা বলেন, আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের কার্যক্রম বন্ধের জন্য একাধিকবার মৌখিক নির্দেশ দেওয়া হলেও তা কার্যকর করা হয়নি।

পীরগঞ্জ পৌরসভার প্রশাসক ও ইউএনও মাহমুদুল হাসান বলেন, দীর্ঘদিন ধরে নগর মাতৃসদন কেন্দ্রে পৌরসভার তহবিল থেকে আর্থিক সহায়তা দেওয়া বন্ধ রয়েছে। কর্মরত চিকিৎসকের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, ওই রোগী এক্লাম্পসিয়ায় আক্রান্ত ছিলেন এবং উচ্চ রক্তচাপের কারণে তাঁর খিঁচুনি হয়েছিল। তবে মৃত্যুর প্রকৃত কারণ সিভিল সার্জনের তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানান।

এদিকে বৃহস্পতিবার প্রসূতি শ্রাবণীর স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী নগর মাতৃসদন কেন্দ্র ঘেরাও করে ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানান। খবর পেয়ে ইউএনও ও পৌর প্রশাসক মাহমুদুল হাসান ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি নগর মাতৃসদন কেন্দ্রের সব কার্যক্রম আপাতত বন্ধ ঘোষণা করেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন