বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএ থেকে সরিয়ে ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণ শাখা। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ প্রতিবাদ জানানো হয়।
এসময় বক্তারা বলেন, দেশব্যাপী বিএনপিকরণের অন্যতম এজেন্ডা হচ্ছে ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেওয়া। কিন্তু জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে শিক্ষক নিয়োগে কোনো ধরনের ফ্যাসিবাদী আচরণ দেশপ্রেমিক জনগণ মেনে নেবে না।
বিক্ষোভ সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেন, ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগের অতীত অভিজ্ঞতা ভালো নয়। অতীতে এ ধরনের নিয়োগে ঘুস লেনদেনের অভিযোগ ও প্রমাণ পাওয়া গেছে। মেধাবী চাকরিপ্রত্যাশীদের বাদ দিয়ে অনৈতিক সুবিধার মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হলে শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে।
তিনি বলেন, একজন শিক্ষক শিক্ষার্থীদের নৈতিকতার শিক্ষা দেবেন। কিন্তু তিনি নিজেই যদি অনৈতিক উপায়ে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পান, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে। সরকারদলীয় ব্যক্তিদের অনৈতিক সুবিধা দেওয়ার ব্যবস্থা কোনো সভ্য দেশের বৈশিষ্ট্য হতে পারে না।
মানববন্ধনে নগর সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহ বলেন, জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে শিক্ষক নিয়োগে কোনো ধরনের ফ্যাসিবাদী আচরণ দেশপ্রেমিক জনগণ মেনে নেবে না। স্বাধীনতার ৫০ বছর পরও ঢাকা বসবাসের অযোগ্য শহর হিসেবে বিবেচিত হওয়া দুঃখজনক।’
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, নগর জয়েন্ট সেক্রেটারি ফজলুল হক মৃধা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি ইমরান হোসাইন নূর প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


