গোপালগঞ্জের ঘটনা রাজনীতির জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন মহাসচিব

গোপালগঞ্জের ঘটনা রাজনীতির জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন মহাসচিব

গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে মাত্রায় সহিংসতা চালিয়েছেন এবং যে ভাষায় কথা বলেছেন, তা দেশের রাজনীতির জন্য অশনিসংকেত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ রাজনীতিতে কতটা গভীর বিভেদ তৈরি করেছে, গোপালগঞ্জের ঘটনা তার একটি দৃষ্টান্ত। সমাজ থেকে এ বিভেদ দূর করতে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক উদ্যোগও প্রয়োজন।

বিজ্ঞাপন

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

গাজী আতাউর রহমান বলেন, ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠী, ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্য থাকা সত্ত্বেও বাংলাদেশ একটি ঐক্যবদ্ধ দেশ। এখানে রাজনৈতিক প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে। কিন্তু এত তীব্র মাত্রার সহিংসতা ও বিদ্বেষ স্বাভাবিক নয়। এটি বিপজ্জনক পরিস্থিতির ইঙ্গিত দেয়। এ অবস্থা থেকে সমাজকে বের করে আনতে বহুমাত্রিক প্রচেষ্টা ও আন্তরিকতা প্রয়োজন।

তিনি আরও বলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোরতা প্রয়োগের আগে যারা উসকানি দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, ফ্যাসিবাদের পতনের পর মূল হোতাদের বিরুদ্ধে দ্রুত ও যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল। কিন্তু তা করা হয়নি। বিদেশে অবস্থান করে আওয়ামী লীগের নেতারা অব্যাহতভাবে উসকানি দিয়েছেন, বিদ্বেষ ছড়িয়েছেন এবং সহিংসতায় ইন্ধন জুগিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রত্যাশা করে, ফ্যাসিবাদের প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে দ্রুত বিচারিক ব্যবস্থা নেওয়া হবে। বিদেশে পলাতক অপরাধীদের বিরুদ্ধে আন্তর্জাতিক উদ্যোগের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ থেকে বিভেদ দূর করতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...