ইসরাইলের পার্লামেন্ট নেসেটের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত আরব রাজনীতিক আহমাদ তিবি। দীর্ঘদিন ধরে ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকদের অধিকার নিয়ে সোচ্চার এই আইনপ্রণেতার নির্বাচিত হওয়াকে দেশটির ডানপন্থী রাজনীতির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন তিনি।
আহমাদ তিবি আরব মুভমেন্ট ফর রিনিউয়াল (তাআল) দলের চেয়ারম্যান। নেসেটের ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার পর আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরাইলের সরকারে থাকা উগ্র ডানপন্থী দলগুলোর বিরোধিতা সত্ত্বেও এই অর্জন সম্ভব হয়েছে।
তিবি বলেন, ১১টি আসন পাওয়া যৌথ তালিকার (জয়েন্ট লিস্ট) জন্য এটি একটি ন্যায্য অর্জন। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি এবং উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির তার নির্বাচন ঠেকানোর চেষ্টা করেছিলেন। তবে উসকানিমূলক প্রচারণা চালিয়েও তারা ব্যর্থ হয়েছেন।
চিকিৎসক থেকে রাজনীতিতে
১৯৫৮ সালের ১৯ ডিসেম্বর ইসরাইলের তাইবে শহরে জন্মগ্রহণ করেন আহমাদ তিবি। তার পরিবার ১৯৪৮ সালের নাকবার সময় জাফা থেকে বাস্তুচ্যুত হয়েছিল। শুরুতে চিকিৎসক হওয়ার লক্ষ্য নিয়ে পড়াশোনা করেন তিনি। ১৯৮৩ সালে জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে চিকিৎসাবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। তবে পরবর্তী সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডই তার প্রধান পরিচয় হয়ে ওঠে।
১৯৮৪ সালে তিউনিসিয়ার রাজধানী তিউনিসে ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পিএলওর তৎকালীন নেতা ইয়াসির আরাফাতের সঙ্গে সাক্ষাৎ করেন তিবি। সে সময় ইসরাইল পিএলওকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করত এবং সংগঠনটির সঙ্গে যোগাযোগের ওপর বিধিনিষেধ ছিল। ইসরাইলে ফেরার পর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলেও আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ আনা হয়নি।
১৯৯৩ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ইয়াসির আরাফাতের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অনুষ্ঠিত ওয়াই রিভার সম্মেলনে ফিলিস্তিনি প্রতিনিধিদলের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেন।
ওই সম্মেলনে অধিকৃত পশ্চিম তীরের কিছু এলাকা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারে সম্মত হয়েছিল ইসরাইল। অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নিতে রাজি হয়েছিল। তবে ফিলিস্তিন-ইসরাইল সংঘাত নিরসনে নেওয়া অন্যান্য উদ্যোগের মতো ওয়াই রিভার সমঝোতাও পরে কার্যত অকার্যকর হয়ে পড়ে।
ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে সোচ্চার
১৯৯৬ সালে তাআল দল প্রতিষ্ঠা করেন আহমাদ তিবি। ১৯৯৯ সালে প্রথমবারের মতো ইসরাইলের পার্লামেন্ট নেসেটের সদস্য নির্বাচিত হন তিনি। নিজেকে ‘ইসরাইলি নাগরিকত্বধারী আরব ফিলিস্তিনি’ হিসেবে পরিচয় দেন এই রাজনীতিক।
ফিলিস্তিন সংকট সমাধানে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে অবস্থান রয়েছে তার। একই সঙ্গে ফিলিস্তিনি শরণার্থীদের নিজ ভূমিতে ফিরে যাওয়ার অধিকারও সমর্থন করেন তিনি।
ইসরাইলকে শুধু ইহুদিদের রাষ্ট্র হিসেবে সংজ্ঞায়িত করার বিরোধিতা করে আসছেন তিবি। বরং তিনি দেশটিকে বর্ণবাদী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেছেন এবং সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করে একটি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে কথা বলেছেন।
তার এসব বক্তব্য ও রাজনৈতিক অবস্থানের কারণে ইসরাইলি সরকারের পাশাপাশি উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলোরও বিরাগভাজন হয়েছেন তিনি। বিভিন্ন সময়ে সরকারি চাপ ও সহিংস উগ্রপন্থীদের হামলার লক্ষ্যবস্তু হয়েছেন এই আইনপ্রণেতা।
২০০০ সালের সেপ্টেম্বরে দ্বিতীয় ইন্তিফাদার সময় আল-আকসা মসজিদ প্রাঙ্গণে তৎকালীন বিরোধী নেতা অ্যারিয়েল শ্যারনের বিতর্কিত প্রবেশের ঘটনায় প্রতিবাদ জানান তিবি। এ সময় শ্যারনের মুখোমুখি হলে তার ডান হাত ভেঙে যায়। পরবর্তী বছর শ্যারন ইসরাইলের প্রধানমন্ত্রী হন।
২০০২ সালে ইসরাইলি সামরিক অভিযানের সময় জেনিন শরণার্থীশিবিরে প্রবেশ করে সেনাদের মুখোমুখি হয়েছিলেন তিবি। এর পরিপ্রেক্ষিতে তার পার্লামেন্টারি দায়মুক্তি প্রত্যাহার করে নেয় ইসরাইল।
পার্লামেন্টে প্রতিবাদের ব্যতিক্রমী নজির
নেসেটে সরব ও নাটকীয় প্রতিবাদের জন্যও পরিচিত আহমাদ তিবি। ২০১৬ সালে জেরুজালেম ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মসজিদের মাইকে আজান দেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের একটি প্রস্তাবিত আইনের প্রতিবাদে পার্লামেন্টের অধিবেশনকক্ষে আজান দেন তিনি।
দীর্ঘ রাজনৈতিক জীবনে ফিলিস্তিনিদের অধিকার, ইসরাইলের রাষ্ট্রীয় পরিচয় এবং দখলদারত্বের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অবস্থান নিয়েছেন তিবি। নেসেটের ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়াকে তাই শুধু তার ব্যক্তিগত রাজনৈতিক সাফল্য নয়, ইসরাইলের পার্লামেন্টে ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বের ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: আল জাজিরা
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


