বললেন গোলাম পরওয়ার

ইসলামী ব্যাংক থেকে এসআলম সহযোগীদের অপসারণ করতে হবে

স্টাফ রিপোর্টার

ইসলামী ব্যাংক থেকে এসআলম সহযোগীদের অপসারণ করতে হবে

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ যাদের মাধ্যমে ইসলামী ব্যাংক দখল করে লুটপাট করেছে, বিএনপিও তাদের মাধ্যমে ইসলামী ব্যাংক দখলের চেষ্টা করছে।

ইসলামী ব্যাংক ধ্বংস হলে এদেশের অর্থনীতি ভয়াবহ সংকটের মুখোমুখি হবে উল্লেখ করে তিনি বলেন, ইসলামী ব্যাংক এদেশের অর্থনীতিতে যেই অবদান রেখেছে সেই অবদান অব্যাহত রাখতে হলে ইসলামী ব্যাংক থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর এস আলমের সহযোগীদের অপসারণ করতে হবে। দুর্নীতি মুক্ত, সৎ ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করতে হবে। এবং একজন সৎ ও দক্ষ ব্যক্তিকে চেয়ারম্যান নিয়োগ দিতে হবে।

বিজ্ঞাপন

শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী চকবাজার-বংশাল জোনের সদস্য (রুকন) শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সরকারের উপস্থাপিত বাজেট সংশোধন করে জনকল্যাণকর বাজেট পাস করতে সরকারের প্রতি আহ্বান জানান।

জামায়াতে ইসলামী দমন-পীড়নের শিকার হয়ে সব ধাপ অতিক্রম করে এসেছে উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, দমন-পীড়নের ভয় জামায়াতে ইসলামীকে দেখিয়ে দমিয়ে রাখা যাবে না, যায় না। জামায়াতে ইসলামীকে নির্মল করার চিন্তা বাদ দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সরকারকে মনোযোগী হতে তিনি আহ্বান জানিয়ে বলেন, নতুবা জনগণ রাজপথে নামলে আবারো দেশ ছাড়া হতে হবে।

তিনি বলেন, সরকার জাতির সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করে দেশকে সংকটের দিকে ঠেলে দিয়েছে। নির্বাচনের আগে আজকের প্রধানমন্ত্রী জাতিকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানালেও সরকার গঠনের পর বিএনপি গণভোটের রায় মেনে নেয়নি। তারা গণভোটকে অসাংবিধানিক দাবি করছে। তবে, সংস্কার প্রস্তাবে বিএনপির দেওয়া নোট অব ডিসেন্ট মেনে নিলে তারা গণভোট মেনে নেবে বলেও স্বীকারোক্তি দিচ্ছে! সরকারের দ্বিচারিতা আচরণ জাতির সঙ্গে প্রতারণার শামিল। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নে সরকারের আপত্তির অন্যতম কারণ হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন হলে সরকার রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানে দলীয়করণ করতে পারবে না, ব্যাংক-বীমা দখল দিতে পারবে না, প্রশাসনকে দলীয় লাঠিওয়াল বাহিনী বানাতে পারবে না। আওয়ামী লীগের পুরোনো ব্যবস্থায় সরকার রাষ্ট্র পরিচালনা করে পুরোনো ফ্যাসিজম পুনরায় প্রতিষ্ঠা করতে চাচ্ছে।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল যথাক্রমে মাওলানা এটিএম মা'ছুম এবং মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...