মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-৩৩৮) ফ্লাইটে আসা যাত্রীরা জমজমের পানির লাগেজ না পেয়ে চরম হয়রানির মুখে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করানোর পরও লাগেজ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।
এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর চারজন সংসদ সদস্য বিমানের ব্যবস্থাপনা পরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়ে চার দিনের মধ্যে হয়রানির কারণ জানাতে বলেছেন।
অভিযোগকারীদের মধ্যে রয়েছেন—শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদ, ঢাকা-৫ আসনের মোহাম্মদ কামাল হোসেন, গাজীপুর-৪ আসনের সালাহউদ্দিন ও খুলনা-২ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর হুসাইন।
অভিযোগে বলা হয়, আমরা নিম্নস্বাক্ষরকারীসহ বিজি-৩৩৮ (মদিনা-ঢাকা) যোগে যেসব যাত্রী ঢাকায় অবতরণ করি, তাদের অধিকাংশ যাত্রী (যাদের মধ্যে ৩৪ জন সংসদ সদস্য) ট্যাগযুক্ত পানির লাগেজ তিন ঘণ্টা অতিবাহিত হলেও পাইনি।
বিষয়টি নিয়ে দীর্ঘ সময় ধরে যৌক্তিক কারণ উত্থাপন করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ ছাড়া যাত্রী হয়রানির ঘটনা ঘটেছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে এমপি কামাল হোসেন বলেন, আমরা ৩৪ জন এমপি তাদের পরিবারের সদস্যসহ ৭৪ জন এবং অন্যান্য সাধারণ যাত্রীরা মদিনা থেকে যাত্রা করে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকার বিমানবন্দরে পৌঁছাই। ইমিগ্রেশন শেষ করে লাগেজ নেওয়ার জন্য গেলে প্রথমেই ট্রলি পাওয়া নিয়ে চরম হয়রানির মুখে পড়েন অনেকে। একই সঙ্গে দুই-তিনটি ফ্লাইটের যাত্রী নামলেও সেখানে পর্যাপ্ত ট্রলি ছিল না। যেগুলো ছিল, তাও অনেক পুরোনো।
তিনি বলেন, সাধারণ নিয়ম অনুযায়ী লাগেজের সঙ্গে আমাদের পানির লাগেজও পাওয়ার কথা। কিন্তু লাগেজ পাওয়ার পর পানির জন্য অপেক্ষা করতে করতে প্রায় আড়াই ঘণ্টা পার হয়ে যায়। এ সময় বিমানের স্টেশন ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি খোঁজ নিয়ে জানান, পানির লাগেজ বিমানে লোড হয়নি, ব্যবস্থা করছি। আমাদের হাতে ট্যাগ থাকলেও পানি পাইনি। পরে আমরা লিখিত অভিযোগ দিয়ে প্রায় তিন ঘণ্টা পর এয়ারপোর্ট থেকে চলে আসি। বিমান কর্তৃপক্ষ আমাদের পানি বাসায় পৌঁছে দেওয়া হবে বলেও আশ্বাস দিচ্ছেন। কিন্তু জনপ্রতিনিধি হিসেবে আমরা এ ধরনের হয়রানির কারণ জানতে চেয়েছি। প্রয়োজনে এ বিষয় নিয়ে সংসদেও আলোচনা করা হবে বলে তিনি জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


