আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিরোধীদলীয় নেতার ভিডিও বার্তা

স্টাফ রিপোর্টার

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিরোধীদলীয় নেতার ভিডিও বার্তা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার সন্ধ্যায় ভিডিও বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী ও দুনিয়ার বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশী ভাই-বোনেরা আসসালামু আলাইকুম। রহমত, মাগফিরাত ও জাহান্নাম থেকে মুক্তির মহান বার্তা নিয়ে মহান আল্লাহর পক্ষ থেকে রমজান এসেছিল। আল্লাহ রাব্বুল আলামীন তার অনুগত বান্দা-বান্দিদের রোজা রাখার তৌফিক দেওয়ায় মহান মা‘বুদের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ।

বিজ্ঞাপন

তিনি বলেন, আসমানে চাঁদ দেখা গিয়েছে, ইনশাআল্লাহ আগামীকাল (শনিবার) পবিত্র ঈদ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রিয় ভাই-বোনদেরকে আন্তরিক খোশ আমদেদ জ্ঞাপন করছি। শুভেচ্ছা জানাচ্ছি, দোয়া করছি। এক মাসের সিয়াম সাধনায় আল্লাহ তায়ালা আমাদের জীবনের সমস্ত গুনাহখাতা সরিয়ে দিন। আমাদেরকে তার প্রিয় বান্দা-বান্দিদের মধ্যে শামিল করে নিন। আল্লাহ তায়ালা এর বিনিময়ে আমাদের থেকে জাহান্নামকে দুরে সরিয়ে দিন। আমরা মহান আল্লাহকে ভালবাসি, যারা জীবিত বা মৃত-আল্লাহ সবার প্রতি অনুগ্রহ দান করুন, তাদেরকে ক্ষমা করুন, তাদের প্রতি রহমশীল হন এবং তাদের জন্যও জাহান্নামকে হারাম করে দিন।

জামায়াত আমির বলেন, প্রিয় দেশবাসী ভাই-বোনেরা, রমজান মানুষকে শুধু উপবাস বা পিপাসার কষ্ট দিতে আসেনি। রমজান এসেছিল কল্যাণের বার্তা নিয়ে, নিয়ামত হিসেবে। আমরা কতটুকু সেই নিয়ামত হাসিল করতে পেরেছি, আল্লাহই ভাল জানেন। তবে মহান রবের দরবারে দোয়া ও বুকভরা আকুতি থাকবে, আল্লাহ তায়ালা এই রমজানের ইশারায় যাদেরকে তার প্রিয় বান্দা-বান্দি হিসেবে কবুল করেছেন, আমাদেরকেও যেন তাদের অন্তর্ভুক্ত করে নেন।

তিনি বলেন, রমজান এসেছিল মানুষকে সংযম শেখাতে, রমজান এসেছিল মানুষের মাঝে আল্লাহর ভীতি পয়দা করতে। সেই তাকওয়ার নিয়ামত যেন আল্লাহ বেশি বেশি করে দান করেন। যাদের অন্তরে ভয় আছে, তারা আল্লাহর সমস্ত সৃষ্টির পক্ষ থেকে বড় নেয়ামত। আল্লাহর ভয় যাদের অন্তরে নেই, তারা বেপরোয়া, নাফরমান হয়, তারা দুনিয়ায় বিপর্যয় সৃষ্টি করে এবং তাদের দ্বারা মানুষ কষ্ট পায়। আমরা সেই সমস্ত চরিত্রের লোকদের থেকে আল্লাহর আশ্রয় চাই।

আল্লাহর কাছে দোয়া করি-আল্লাহ যেন আমাদের পরস্পরের মধ্যে শ্রদ্ধা, ভালবাসার পরিবেশ তৈরি করে দেন। আমাদের মাঝ থেকে যেন আল্লাহ হিংসা, প্রতিহিংসা দুর করে দেন। আল্লাহ যেন আমাদের মাঝে দায়িত্ববোধ তৈরি করে দেন। রাষ্ট্রে যারা বিভিন্ন পর্যায়ে সেবা দিচ্ছেন, সরকারি, বেসরকারি, আধা সরকারি পর্যায়ে যারা আছেন, তাদেরকে আল্লাহর ভয় করে চলার নীতি অনুসরণের তৌফিক দান করেন।

তিনি বলেন, আল্লাহ প্রিয় বাংলাদেশের প্রতি রহম করুন। আল্লাহ এদেশের প্রতি শান্তির ফয়সালা নাজিল করুন। আল্লাহ রাব্বুল আলামীন এই দেশবাসীকে রিঝিকের বারাকাহ দিয়ে, সম্মানের বারাকাহ দিন।

বিরোধীদলীয় নেতা বলেন, প্রিয় দেশবাসী-আপনাদের সবার জন্য দোয়া থাকলো, যে যেখানে আছেন আল্লাহ সুস্থতার সাথে রাখুন, দীর্ঘ হায়াত দান করুন এবং দুনিয়া এবং আখেরাতের সম্মান সবার জন্য নির্ধারিত করুন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন