জামায়াত আমিরের সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশন চেয়ারম্যানের সাক্ষাৎ

জামায়াত আমিরের সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশন চেয়ারম্যানের সাক্ষাৎ
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে মঙ্গলবার সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের দাতব্য সংস্থা নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের সর্ববৃহৎ দাতব্য সংস্থা নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া।

বিজ্ঞাপন

সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে’ এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ইয়োহেই সাসাকাওয়া নিপ্পন ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক কার্যক্রম সম্পর্কে বিরোধীদলীয় নেতাকে অবহিত করেন। বিশেষ করে কুষ্ঠরোগের চিকিৎসায় সংস্থাটির দীর্ঘদিনের অভিজ্ঞতা ও কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে তাদের জীবনমান উন্নয়ন, বিশেষ করে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে রোহিঙ্গাদের দক্ষ ও উপার্জনক্ষম করে তোলার লক্ষ্যে নিপ্পন ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমের বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

বাংলাদেশ সফরের জন্য নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। একই সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠী ও বাংলাদেশের দরিদ্র মানুষের কল্যাণে ভবিষ্যতে আরও উন্নয়ন প্রকল্প নিয়ে এগিয়ে আসার জন্য তিনি নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান।

বৈঠকে নিপ্পন ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমে সহযোগিতারও আশ্বাস দেন জামায়াতে ইসলামীর আমির।

এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন