ফিলিস্তিনিদের ওপর সহিংসতা বন্ধের আহ্বান জানালেন পোপ লিও

ফিলিস্তিনিদের ওপর সহিংসতা বন্ধের আহ্বান জানালেন পোপ লিও

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে আহ্বান জানিয়েছেন পোপ লিও। পশ্চিম তীরে উগ্র ইহুদি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা বৃদ্ধির মধ্যে তিনি এ আহ্বান জানান। খবর রয়টার্সের।

বিজ্ঞাপন

মানবাধিকার সংস্থাগুলোর মতে, পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর ইহুদি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের বাড়িঘর ঘিরে ফেলেছে। ফিলিস্তিনিদের ভূমি আরো দখল করে ইহুদি বসতি সম্প্রসারণের একটি সুপরিকল্পিত প্রচেষ্টা।

রোববার রোমের বাইরে ক্যাস্তেল গান্দোলফোতে দুপুরের প্রার্থনা শেষে পোপ লিও বলেন, ‘পশ্চিম তীরে ফিলিস্তিনি বেসামরিক জনগণের ওপর বারবার চালানো সহিংসতা বন্ধের জন্য আমি আমার আবেদন পুনর্ব্যক্ত করছি।’

তিনি বলেন, ‘একটি ন্যায্য ও স্থায়ী শান্তির জন্য দ্বি-রাষ্ট্র সমাধানকে এগিয়ে নিতে আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরিভাবে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।’

ভ্যাটিকান দীর্ঘদিন ধরে একটি ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণাকে সমর্থন করে আসছে, যা জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৫০টিরও বেশি রাষ্ট্র দ্বারা স্বীকৃত এবং যার অন্তর্ভুক্ত এলাকা হলো গাজা উপত্যকা ও পশ্চিম তীর (পূর্ব জেরুজালেম সহ)।

এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি জোট সরকার পশ্চিম তীরে ব্যাপক ইহুদি বসতি নির্মাণের তদারকি করছে। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ বলেছেন, এসব বসতি নির্মাণের লক্ষ্যই হলো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণাকে কবর দেয়।

জাতিসংঘ এবং বেশিরভাগ সরকার সামরিক দখলদারিত্ব সম্পর্কিত আন্তর্জাতিক আইন অনুসারে এই বসতিগুলোকে অবৈধ বলে মনে করে। ইসরায়েল ১৯৬৭ সালের যুদ্ধে পশ্চিম তীর দখল করেছিল, কিন্তু তারা যুক্তি দেয় যে এই অঞ্চলটি দখলকৃত নয়, বরং বিতর্কিত।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন