বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আক্তারুজ্জামান বলেন, গত জাতীয় নির্বাচনে গণ মানুষের আশা-আকাঙ্ক্ষার দলে পরিণত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মানুষের চাওয়া বাস্তবায়নে জামায়াতের নেতাকর্মীদের ইনসাফ ভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তুলতে কাজ করে যেতে হবে। মানুষের বিপদে সবার আগে জামায়াতের কর্মীদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
সোমবার (২৩ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজবাড়ী জেলা জামায়াতের সাবেক আমির মো. আক্তারুজ্জামান বলেন, জামালপুর ইউনিয়নসহ রাজবাড়ী জেলার ৪০৬ টি ওয়ার্ডে শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে। প্রতিটা ওয়ার্ডে আগামী স্থানীয় নির্বাচনে জামায়াত সমর্থিত মেম্বারদের বিজয়ী করতে এখন থেকেই কাজ করতে হবে। মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াতে হবে। প্রতিটা ওয়ার্ডে শক্তিশালী নেতৃত্ব গড়ে তুললেই মানুষ আমাদেরকে ভোট দিয়ে বিজয়ী করবে ইনশাআল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্যে রাজবাড়ী জেলা জামায়াতের আমির এডভোকেট নুরুল ইসলাম বলেন, গত জাতীয় নির্বাচনে জামায়াতের মূল শক্তি ছিল নারী ও তরুণ ভোটাররা। নারী ও তরুণদের আশা আকাঙ্ক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যেতে হবে। স্থানীয় সরকার নির্বাচনে এখন থেকেই কাজ শুরু করতে হবে। সাধারণ মানুষের দ্বারে দ্বারে যেতে হবে।
রাজবাড়ী জেলা জামায়াতের সমাজকল্যাণ সেক্রেটারী শরীফ মিয়া বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগকে তাড়িয়ে আমাদের মুক্তি দিয়েছে জুলাই যোদ্ধারা। জুলাইকে ধারণ করে সাধারণ মানুষের মাঝে কাজ করে যেতে হবে।
জামায়াতকে প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। কোরআনের দাওয়াত পৌঁছে দিতে হবে। ঘুষ, দূর্নীতি ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে জামায়াতে ইসলামীকে নেতৃত্বের জায়গায় নিয়ে আসতে হবে।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো. ইসহাকের সভাপতিত্বে ও সেক্রেটারী মোজাফফর মাস্টারের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ছাত্র শিবির ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

