রাজধানীর ভাষানটেক থানাধীন বিভিন্ন ওয়ার্ডে মসজিদ ও মাদরাসায় ফ্যান এবং জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ফুড প্যাকেট বিতরণ করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরা।
মঙ্গলবার দুপুরে রাজধানীর ভাষানটেক ও পল্লবী এলাকায় ফুড প্যাক ও রান্না করা খাবার বিতরণ করা হয়।
ভাষানটেক এলাকায় ফুডপ্যাক বিতরণকালে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির এবং ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, যারা জনগণের টাকা আত্মসাৎ করবে না, সৎ ও জবাবদিহিমূলকভাবে নগর পরিচালনা করবে, আগামীতে নগরীর দায়িত্ব তাদের হাতেই তুলে দিতে হবে। তিনি বলেন, সিটি কর্পোরেশনের বিপুল পরিমাণ ফান্ড কোথায় ব্যয় হচ্ছে, সে বিষয়ে নগরবাসীর কাছে জবাবদিহি থাকতে হবে।
সেলিম উদ্দিন বলেন, আমরা ত্রাণ দিতে নয়, পরিবারের সদস্য হয়ে আপনাদের পাশে দাঁড়াতে চাই। রাজধানী জলাবদ্ধতামুক্ত না হওয়া পর্যন্ত জামায়াতের পক্ষ থেকে এই ফুড প্যাকেট বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন জামায়াত ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াছিন আরাফাত ও থানা আমির আহসান হাবিব, কাউন্সিলর প্রার্থীসহ স্থানীয় জামায়াতের নেতারা।
মিরপুরে মহিলা জামায়াতের খাবার বিতরণ
মিরপুর ১২ নম্বরে পল্লবী থানা মহিলা জামায়াতের উদ্যোগে পানি বন্দি মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে । এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর প্রার্থী আজমেরি হক শিউলি ও ২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

