বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি বলেছেন, সরকারি দল ও বিরোধী দল পরস্পরের শত্রু নয়; বরং সহায়ক। দেশের উন্নয়নে সরকারি দল ভুল করলে বিরোধী দল তা ধরিয়ে দেবে এবং সরকার তা সংশোধন করে নেবে। তবেই দেশে গণতন্ত্র সুসংহত হবে। তিনি বলেন, দেশের স্থিতিশীলতা না এলে উন্নয়ন ব্যাহত হবে। এটি আমরা কেউ চাই না।
তিনি শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস, বাংলাদেশ (এফইএবি)’ ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত ‘রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, প্রকৌশলীরা দেশের মেধাবী জনগোষ্ঠীর অন্যতম। তারা যদি সত্যের পথে থাকেন এবং আল্লাহভীরু হন, তাহলে দেশে ঘুষ-দুর্নীতি অনেকাংশে কমে আসবে। দেশকে গড়ে তুলতে প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ফোরামের ঢাকা মহানগরী দক্ষিণের সহসভাপতি প্রকৌশলী মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইঞ্জিনিয়ার মাহমুদুর রহমান শাহিদের পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. মু. শফিকুল ইসলাম মাসুদ এমপি, এফইএবির কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ, আইইবির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার শেখ আল আমিন, ফোরামের ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার কাজী আবিদ হাসান সিদ্দিক, এলজিইডির সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার নুরুল হুদা, মহানগরী দক্ষিণের সহসভাপতি ইঞ্জিনিয়ার মো. নজরুল ইসলাম, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল বিভাগের সহযোগী অধ্যাপক ইঞ্জিনিয়ার যুবায়ের আহমদ, আইইবির সেন্ট্রাল কাউন্সিল মেম্বার আতিকুর রহমান এবং আইইবির ইলেকট্রিক্যাল বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মনিরুল মাওলা প্রমুখ।
সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান বলেন, দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস, বাংলাদেশ প্রকৌশলীদের একই সঙ্গে দক্ষ ও সৎ হিসেবে গড়ে তুলে জাতির খেদমতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

