ফরিদপুরে যুবক কর্তৃক তিনজনকে কুপিয়ে হত্যা এবং সারা দেশে বজ্রপাত ও সড়ক দুর্ঘটনায় নাগরিকদের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ, দুঃখ ও শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোটেক এহসানুল মাহবুব জুবায়ের এ উদ্বেগের কথা জানান।
বিবৃতিতে তিনি বলেন, ফরিদপুরে সদরের আলিয়াবাদ ইউনিয়নে এক যুবকের কোদালের কোপে নিজের দাদি, ফুপু ও এক প্রতিবেশী নৃশংসভাবে নিহত হওয়ার ঘটনা খুবই উদ্বেগজনক ও ভয়ংকর। আমি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনার মধ্যদিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ ঘটেছে। হত্যার সাথে জড়িত যুবককে পুলিশ গ্রেফতার করলেও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি।
অ্যাডভোকেট জুবায়ের আরও বলেন, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই যুবক, নোয়াখালীর কবিরহাটে সড়ক দুর্ঘটনায় এক যুবক এবং চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় তিন বৌদ্ধ সন্ন্যাসী নিহতের ঘটনা ঘটেছে, যা অনাকাঙ্ক্ষিত ও বেদনাদায়ক। সারা দেশে সড়কে প্রাণহানির ঘটনাগুলো সড়কে অব্যবস্থাপনার চিত্রকে তুলে ধরছে। সরকারকে দুর্ঘটনায় প্রাণহানি ও সম্পদের ক্ষতি রোধে গাড়ির ফিটনেস পরীক্ষাসহ অবৈধ যানচলাচ বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে প্রত্যেকটি দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানাচ্ছি।
তিনি বলেন, মৌসুমি ঝড় ও আকস্মিক বজ্রপাতে নোয়াখালীর তিন উপজেলায় পৃথক বজ্রপাতে তিনজন এবং কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের চৌফলদন্ডী ব্রিজ এলাকায় একজন নিহত হয়েছেন, যা খুবই মর্মান্তিক ও হৃদয়বিদারক। প্রাকৃতিক দুর্যোগে এসব প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে ব্যথিত, শোকাহত এবং উদ্বেগ প্রকাশ করছি। মহান আল্লাহর কাছে নিহতদের উত্তম মর্যাদা কামনা করছি।
অ্যাডভোকেট জুবায়ের বলেন, মৌসুমি আবহাওয়ার কারণে গত কয়েকদিনে বজ্রপাতে দেশে বেশকিছু প্রাণহানির ঘটনা ঘটছে। এজন্য বৈরি আবহাওয়ার সময় নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি বৈরি পরিবেশে যথাযথ ব্যবস্থাসহ চলাচল নিশ্চিত করা এবং সরকারের উদ্যোগে সচেতনতামূলক প্রচারণা ও অধিক বজ্রপাতপ্রবণ এলাকা, বিশেষত বিস্তীর্ণ কৃষি কর্মক্ষেত্রে বজ্রপাত নিরোধক লাইটনিং এরেস্টার স্থাপন জরুরি হয়ে পড়েছে।
তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা ও হত্যাকাণ্ডে এসব মৃত্যু পরিবারগুলোর জন্য অপূরণীয় ক্ষতি। এজন্য পরিবারগুলোর প্রয়োজন অনুযায়ী মানবিক সহায়তা, ন্যায়বিচার নিশ্চিত এবং ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান নিশ্চিত করতে সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

