লেবাননে তিন বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের উদ্বেগ

স্টাফ রিপোর্টার

লেবাননে তিন বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের উদ্বেগ

সম্প্রতি লেবাননের দক্ষিণাঞ্চলে বর্বর ইসরাইলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলামের মর্মান্তিক নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে গত ৮ এপ্রিল বৈরুতে আরেক হামলায় নিহত বাংলাদেশি নারী শ্রমিক দিপালী বেগমের মৃত্যুতেও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে দলটি।

বিজ্ঞাপন

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে তিনি বলেন, আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শহীদ হিসেবে কবুল করার জন্য মহান রবের নিকট দোয়া করছি। আমি তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তায়ালা যেন তাদের এই শোক সহ্য করার তাওফিক দান করেন।

তিনি আরো বলেন, বিদেশের মাটিতে জীবিকার সন্ধানে গিয়ে নিরীহ বাংলাদেশি নাগরিকদের এভাবে প্রাণ হারানো অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। যুদ্ধ কখনো মানবজাতির কল্যাণ বয়ে আনে না; বরং তা ধ্বংস, মৃত্যু, উদ্বাস্তুতা ও অসহায় মানুষের কান্নার কারণ হয়ে দাঁড়ায়। আজ লেবাননে বাংলাদেশি নাগরিকদের প্রাণহানি সেই নির্মম বাস্তবতারই আরেকটি বেদনাদায়ক উদাহরণ।

গোলাম পরওয়ার বলেন, মানবসভ্যতার শান্তি, স্থিতি ও সহাবস্থানের স্বার্থে মানবতার দুশমন দখলদার ইসরাইলের যুদ্ধ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি বিশ্বসম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে নিহতদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদান করার জন্য বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...