জুলাই বিপ্লব স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা জামায়াতের

স্টাফ রিপোর্টার

জুলাই বিপ্লব স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা জামায়াতের

চব্বিশের জুলাই বিপ্লব স্মরণে ‘দ্বিতীয় স্বাধীনতা, ৩৬ জুলাই’ শীর্ষক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মহানগরী উত্তর জামায়াতে ইসলামী। কর্মসূচির মধ্যে রয়েছে-গণমিছিল, সমাবেশ, গ্রাফিতি অঙ্কন, মতবিনিময় ইত্যাদি।

সোমবার দুপুরে রাজধানীর বারিধারায় দলীয় কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করেন মহানগর উত্তরের আমির ও ডিএনসিসি মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

বিজ্ঞাপন

কর্মসূচির মধ্যে রয়েছে-

১ থেকে ১০ জুলাই গ্রাফিতি অঙ্কন। ১১ থেকে ১৬ জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় সভা।

১৭ থেকে ৩০ জুলাই শাহাদাতের ঘটনাস্থলভিত্তিক আলোচনা সভা ও চিত্র প্রদর্শনী।

২৪ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবদানকে স্মরণ করে শিক্ষক- শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ।

৩১ জুলাই মসজিদে মসজিদে শহিদদের রূহের মাগফেরাত কামনা এবং অসুস্থদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল।

১ থেকে ৪ আগস্ট: ওলামা, শ্রমিক ও মহিলা সমাবেশ এবং ৫ আগস্ট (৩৬ জুলাই) জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে ঐতিহাসিক গণমিছিল।

কর্মসূচি ঘোষণার সময় সেলিম উদ্দিন বলেন, কেন্দ্রীয়ভাবে ঘোষিত জুলাইভিত্তিক কর্মসূচিগুলো বাস্তবায়নেও জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর সক্রিয় ও জোরালো ভূমিকা পালন করবে।

তিনি অভিযোগ করে বলেন, সংবিধান সংস্কারের অঙ্গীকার বাস্তবায়ন না করে সরকার জাতীয় ঐক্যে ফাটল সৃষ্টি করেছে।

সেলিম উদ্দিন বলেন, জুলাই কেবল একটি মাস নয়, এটি আধিপত্যবাদের বিরুদ্ধে হুংকার এবং স্বাধীনতা- সার্বভৌমত্ব রক্ষার এক ঐতিহাসিক অধ্যায়। তিনি বলেন, জুলাইয়ের ইতিহাস ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরতে হবে।

তিনি আরো বলেন, ক্ষমতাসীনরা ক্ষমতায় আসার আগে জুলাইকে ঘিরে যে কথা বলেছিলেন, ক্ষমতায় এসে তার বিপরীত অবস্থান নিয়েছেন।

ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিমের সঞ্চালনায় প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন মহানগরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা ও ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ডা.ফখরুদ্দিন মানিক ও ইয়াসিন আরাফাত, প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার প্রমুখ।

এদিকে মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতের কেন্দ্রীয়ভাবে কর্মসূচি ঘোষণার কথা রয়েছে। এদিন দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করবেন দলটির শীর্ষ নেতারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন