পল্লী বিদ্যুতের ট্রান্সফর্মার স্থাপন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭

পল্লী বিদ্যুতের ট্রান্সফর্মার স্থাপন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে পল্লী বিদ্যুতের ট্রান্সফর্মার (ট্রান্সমিটার) স্থাপনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। সোমবার দুপুর দেড়টার দিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গ্রামে পল্লী বিদ্যুৎ অফিসের কর্মীরা ট্রান্সফর্মার স্থাপনের কাজ করতে গেলে এ ঘটনার সূত্রপাত হয়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র ও অভিযোগ সূত্রে জানা যায়, ট্রান্সফর্মার স্থাপনের সময় আজিজুল (৩০) ও ইমন (২৫) নামের দুই ব্যক্তি কাজের বিরোধিতা করে বাধা দেন। এ সময় পল্লী বিদ্যুৎ অফিসের কর্মীদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি ও দুর্ব্যবহারের ঘটনা ঘটে। একপর্যায়ে ইব্রাহিম ও জাহাঙ্গীর আলম এগিয়ে এলে তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে।

সংঘর্ষে মনজুরা আক্তার (৭৫), জাহাঙ্গীর আলম (৪৫), ইব্রাহিম ও মদিনা আক্তার (৭১) সহ মোট সাতজন আহত হন। এর মধ্যে ইব্রাহিমের মাথায় এবং মদিনা আক্তারের হাতে গুরুতর আঘাত লেগেছে। আহতদের উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় সোমবার মোহনগঞ্জ থানায় খোদেজা আক্তার বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন জানান, গত রাতে এ ঘটনাকে কেন্দ্র করে মামলা রুজু করা হয়েছে এবং পুলিশ এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

স্থানীয়দের তথ্যমতে, ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। যেকোনো সময় আবারও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন