ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করে সাবেক ছাত্রদল নেত্রী ও মরহুম বিএনপি নেতা শফিউল বারী বাবুর সহধর্মিণী বীথিকা বিনতে হোসাইন বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে নতুন বাংলাদেশ বিনির্মাণের অংশীদার হতে চান তিনি। অতীতের আন্দোলন-সংগ্রামে নিজের ভূমিকা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে দল তাকে সেই সুযোগ দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় কার্যালয় থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন বীথিকা বিনতে হোসাইন।
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপি আন্দোলন-সংগ্রামে ত্যাগীদের যথাযথ মূল্যায়ন করবে। পাশাপাশি মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে গুরুত্ব দেবে। বিবেচিত প্রার্থীরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভূমিকা রাখবেন। আমিও সেই প্রক্রিয়ার একজন সহযোগী হতে চাই।’
স্বামী শফিউল বারী বাবুর স্মৃতিচারণ করে বীথিকা বলেন, তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। প্রতিটি আন্দোলনে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং দেশনেত্রী খালেদা জিয়ার ভ্যানগার্ড হিসেবে কাজ করেছেন।
তিনি আরও বলেন, ‘বাবু একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখতেন, যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে এবং পছন্দমতো ভোট দিতে পারবে। সেই লক্ষ্যে তিনি খালেদা জিয়ার ডাকে আন্দোলনে সক্রিয় ছিলেন। কিন্তু ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ দেখে যাওয়ার আগেই তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমি তার রেখে যাওয়া স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চাই।’
বীথিকা জানান, অর্পণ সংঘের মাধ্যমে তিনি গুম ও খুনের শিকার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। জাতীয় সংসদে যাওয়ার সুযোগ পেলে তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নির্যাতিত পরিবারের প্রতিনিধিত্ব করবেন এবং তাদের কথা তুলে ধরবেন।
এদিকে, গতকাল শুক্রবার থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। এই কার্যক্রমের উদ্বোধন করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা রুহুল কবীর রিজভী। প্রথম দিনেই ৫৪৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

