বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির এবং ডিএনসিসির মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের উদ্যোগে চতুর্থ ধাপে ঢাকা-১২ আসনের (৩৫, ৩৬, ২৪, ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড) ৩৫ জন অসচ্ছল রোগীর বিনা মূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন হয়েছে।
শনিবার রাতে রাজধানীর মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে এই কার্যক্রম পরিচালিত হয়।
অপারেশন-পরবর্তী সময়ে রোগীদের খোঁজখবর নিয়ে সেলিম উদ্দিন বলেন, ‘মানুষই সৃষ্টির সেরা জীব। যারা মানুষের কল্যাণে কাজ করে, তারাই প্রকৃত অর্থে উত্তম মানুষ। আল্লাহ তাআলা মানুষকে ধন-সম্পদ কম-বেশি দিয়ে পরীক্ষা করেন। তাই সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।’
তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, যেখানে কেউ অভুক্ত থাকবে না এবং কেউ বৈষম্যের শিকার হবে না। একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়তে দলটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।’
সেলিম উদ্দিন বলেন, ‘জুলাই আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা। কিন্তু বর্তমান ক্ষমতাসীনেরা এখনো জুলাই সনদ বাস্তবায়ন করতে পারেনি। ফলে জুলাই আন্দোলনের কাঙ্ক্ষিত লক্ষ্যও পূরণ হয়নি।’
তিনি আরও বলেন, ‘রাষ্ট্রক্ষমতায় না গিয়েও জামায়াতে ইসলামী জনসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। ইতোমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন ওয়ার্ডে বিনা মূল্যে মেডিকেল ক্যাম্প, ওষুধ বিতরণ এবং অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে।’
সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘পিছিয়ে পড়া মানুষের জন্য উন্নত চিকিৎসা ও বাসস্থানের ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। কিন্তু সরকারি হাসপাতালে রোগীদের অবহেলা ও দুর্নীতি স্বাস্থ্যসেবাকে আরও সংকটাপন্ন করে তুলেছে। অন্যদিকে, বেসরকারি হাসপাতালের চিকিৎসা ব্যয় কয়েক গুণ বেড়ে যাওয়ায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য উন্নত চিকিৎসা গ্রহণ অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।’
শেষে তিনি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, ‘আসুন, আমরা সবাই মিলে একটি মানবিক, বৈষম্যহীন ও কল্যাণমুখী নগর গড়ে তুলি।’
উল্লেখ্য, মোহাম্মদ সেলিম উদ্দিনের উদ্যোগে এর আগে তিন ধাপে শতাধিক ছানি রোগীকে বাছাই করে বিনা মূল্যে অপারেশন ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় চতুর্থ ধাপে আরও ৩৫ জনের চোখের ছানি অপারেশন সম্পন্ন করা হয়েছে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


