কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেছেন, অন্যের সন্তান ভেবে কোনো শিশুর অন্যায় কর্মকাণ্ডে বাধা না দিলে একদিন সেই অপরাধ নিজের সন্তানকেও গ্রাস করতে পারে। তাই সমাজে অন্যায় দেখলে সবাইকে প্রতিবাদ করতে হবে।
শনিবার সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শিমুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ‘মেধা অন্বেষণ বৃত্তি-২০২৬’ প্রদান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মো. জুনায়েত ভূঁইয়া মোহন ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
সাংস্কৃতিক বা সামাজিক অবক্ষয়ের কথা তুলে ধরে জালাল উদ্দিন বলেন, ‘অন্যের ছেলে করতে করতে তো আপনার ছেলেও এগুলোর সঙ্গে জড়িয়ে পড়বে। এভাবে আপনার ছেলে পর্যন্ত এসে পৌঁছাবে। অবশেষে দেখবেন, আপনার ছেলে একদিন খারাপ হয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘সামনে অন্যায় দেখলেই প্রতিবাদ করতে হবে; সে যেই হোক না কেন। কোনো অন্যায় কাজই আমরা সমর্থন করব না।’
শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ তৈরির কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি চাই আমার ছেলে-মেয়েরা মাঠে খেলবে। তবে সন্ধ্যার আগেই, মাগরিবের আজান পড়ার আগেই মায়ের কাছে গিয়ে হাজিরা দেবে।’
সন্ধ্যার পর মাঠে জুয়া বা মাদকের আসর বসতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘সন্ধ্যার পরে এখানে জুয়া বা মাদকের আসর বসবে না। এখানে কোনো মাদকের ব্যবসা হবে না। এটার নিশ্চয়তা আপনাদের দিতে হবে।’
অনুষ্ঠানে মেধা অন্বেষণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে অর্থ ও সনদ বিতরণ করা হয়। পাশাপাশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
শিমুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ বায়তুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. জুনায়েত ভূঁইয়া মোহন।
এ ছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান খান সুমন, শিমুলিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, স্থানীয় বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল প্রমুখ।
তীব্র গরম উপেক্ষা করে জমকালো এ অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে গত ২৫ জুলাই একই প্রতিষ্ঠানে মেধাবৃত্তির আয়োজন করে ওই ফাউন্ডেশন। এতে পাটুয়াভাঙ্গা ইউনিয়নের সব মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

