আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেসবুক পেজের কভার ফটো পরিবর্তন করা হয়েছে। নতুন কভার ফটোতে রয়েছে মরহুম মাওলানার একটি উক্তি—‘বিড়ালের মতো পাঁচশ বছর বাঁচতে চাই না, সিংহের মতো এক ঘণ্টা বাঁচতে চাই।’ বাণীটিতে তাঁর সাহস ও আদর্শের বিষয়টি স্পষ্ট হয়েছে।
একটি পোস্টে উল্লেখ করা হয়েছে, ‘কুরআনের বাণী প্রচারই যদি হয় আমার অপরাধ, তবে আমি হাজারবার ফাঁসির মঞ্চে যেতে রাজি আছি।’ আদালতে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেছিলেন।
আরেকটি স্ট্যাটাসে উল্লেখ করা হয়েছে, ‘আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই। আমি জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত সেই ইব্রাহিম (আ)-এর জেগে থাকা দুঃসাহসী সন্তান।’
জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে শেয়ার করা আরেকটি ভিডিও ক্লিপে মাওলানাকে বলতে শোনা যায়, ‘আলিয়া আর কওমি মাদ্রাসা আমার দুই চোখের মতো প্রিয়। আমি চট্টগ্রামের সবচেয়ে বড় মাদ্রাসা পটিয়া ও হাটহাজারীতে সফর করি, যেখানেই যাই আলেমদের সঙ্গে দেখা করি। আমি মাওলানা শামসুল হক ফরিদপুরী (রহ.) হুজুরকে অজু করাইছি, তাঁর পা ধুয়ে দিয়েছি। খতিবে আজম মাওলানা সিদ্দিক আহমেদ সাহেবের খেদমত করেছি আমি, মক্কায় জ্বর হলে পা চেপে দিয়েছি। এতে আমি তো ছোট হয়ে যাইনি। আমরা আলেমদের সম্মান কেন করতে পারব না? কওমি মাদ্রাসাও আমার, আলিয়াও আমার।’
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে আরও কিছু উদ্ধৃতি বিভিন্নজন শেয়ার করেছেন। যেমন, পবিত্র কুরআন নিয়ে তার বক্তব্য—‘কাল কেয়ামতে কঠিন জবাবদিহি করতে হবে আমাদের। সেদিন কেউ রক্ষা করার জন্য এগিয়ে আসবে না। আসবে শুধুমাত্র কুরআন মাজিদ।’
দ্বীনের পথ নিয়ে তার আরেকটি বক্তব্য—‘বিগত অর্ধ শতাব্দী ধরে আমি কুরআনের দাওয়াত বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


