বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরকে জড়িয়ে দুর্গাপূজা নিয়ে ফেসবুকে ছড়ানো একটি ফটোকার্ডকে ভুয়া ও মিথ্যা দাবি করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।
মঙ্গলবার সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
তিনি বলেন, ফেসবুকে ‘জোবায়দা রহমান’ নামের একটি আইডি থেকে ‘দুর্গাপূজা শুধু হিন্দুদের নয়, এটি আমাদেরও: জামায়াত নেতা তাহের’ শিরোনামে একটি ফটোকার্ড ছড়ানো হয়েছে। ফটোকার্ডটিকে মিথ্যা ও ভুয়া দাবি করে তিনি এর নিন্দা জানান। একই সঙ্গে এ ধরনের প্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে অ্যাডভোকেট জুবায়ের বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সম্মানিত ব্যক্তিদের জড়িয়ে বানোয়াট তথ্য প্রচার এবং তাদের বিতর্কিত ও সম্মানহানির চেষ্টা থেকে সংশ্লিষ্টদের বিরত থাকা উচিত।
এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


