মিয়া গোলাম পরওয়ারের বিবৃতি

জ্বালানির মূল্যবৃদ্ধি মানুষের জীবনে নতুন দুর্ভোগ ডেকে আনবে

স্টাফ রিপোর্টার

জ্বালানির মূল্যবৃদ্ধি মানুষের জীবনে নতুন দুর্ভোগ ডেকে আনবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনে নতুন করে দুর্ভোগ ডেকে আনবে। রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ঘোষিত নতুন দরে ডিজেল লিটারে ১৫ টাকা, কেরোসিন ১৮ টাকা, অকটেন ২০ টাকা ও পেট্রোল ১৯ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ ধরনের খাতওয়ারি মূল্যবৃদ্ধি দেশের সার্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। এতে সাধারণ মানুষের জীবনে নতুন করে দুর্ভোগ ডেকে আনবে। আমি সরকারের এই গণবিরোধী সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং প্রতিবাদ জানাচ্ছি।

বিজ্ঞাপন

বিবৃতিতে তিনি আশঙ্কা প্রকাশ করেন, দাম বাড়ার ফলে পরিবহন ব্যয় বাড়বে, যার সরাসরি প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর। খাদ্যপণ্যসহ সব ধরনের পণ্যের দাম বেড়ে যাবে। এতে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাদের আয় না বাড়লেও ব্যয় বহুগুণে বাড়বে। ফলে স্বাভাবিক জীবনযাপন ক্রমেই কঠিন হয়ে পড়বে।

জামায়াত সেক্রেটারি জানান, শিল্প-কারখানার উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে, যা শেষ পর্যন্ত পণ্যের দামে প্রতিফলিত হবে। এতে বাজারে মূল্যস্ফীতি আরো তীব্র আকার ধারণ করতে পারে। একই সঙ্গে কৃষি খাতও বড় ধরনের চাপের মুখে পড়বে। সেচ, পরিবহন ও কৃষি উপকরণের খরচ বেড়ে যাওয়ায় কৃষকের উৎপাদন ব্যয় বাড়বে, যা খাদ্য নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

গোলাম পরওয়ার বলেন, এমনিতেই সাধারণ মানুষ জীবনযাত্রার ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে। এমন পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখা দেবে। অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা সহনীয় পর্যায়ে নামিয়ে আনার জন্য আমি সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...