ছাত্রদলের সন্ত্রাসী কর্মকাণ্ডের লাগাম টেনে ধরুন: বিএনপিকে মোবারক

স্টাফ রিপোর্টার

ছাত্রদলের সন্ত্রাসী কর্মকাণ্ডের লাগাম টেনে ধরুন: বিএনপিকে মোবারক

বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন বলেছেন, ১৫ বছরে আওয়ামী লীগ যা করেছে দুই তিন মাসের ব্যবধানেই বিএনপি সেটা করা শুরু করেছে। সুতরাং তাদের পতন অনিবার্য।

বৃহস্পতিবার বিকেলে জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখা আয়োজিত জেলা অডিটোরিয়ামে ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

এসময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমরা আজকে মাগুরার এ সম্মেলন থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, ছাত্রদলকে সামলান-তা না হলে আপনাদের পরিণতি আওয়ামী লীগের চাইতেও ভয়াবহ হবে। ইসলামী ছাত্রশিবির কোন ভুঁইফোড় সংগঠন নয়, বাংলাদেশের কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি ইসলামী ছাত্রশিবির। ইসলামী ছাত্রশিবিরের আদর্শের কাছে ছাত্রদল পরাজিত হতে বাধ্য। কিরিচ আর চাপাতি ছাত্রদলের সন্ত্রাসীদের কাছে থাকা সত্ত্বেও তারা শিবিরের নারায়ে তাকবীর ধ্বনিতে তারা এক পর্যায়ে তারা পিছু হটে। এদেশের আপামর জনসাধারণ ছাত্র শিবিরকে যেমন পছন্দ করে, তেমনি ভালোবাসে। তাই ইসলামী ছাত্রশিবিরের সাথে পাঞ্জা লড়তে কয়েকবার হিসেব করতে হবে।

সম্মেলনটি কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা এম বি বাকেরের সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এ্যাডভোকেট আতাউর রহমান (বাচ্চু) এমপি এবং কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য মাগুরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির আব্দুল মতিন।

জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু ও সহকারী সেক্রেটারী মাওলানা মারুফ কারখীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, জেলা যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক মাওলানা রবিউল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলা সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাস, সদর আমীর অধ্যাপক ফারুক হুসাইন, শ্রীপুর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, শালিখা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আফছার আলী ও ইসলামী ছাত্র শিবিরের মাগুরা জেলা সভাপতি জুবায়ের হোসেন।

বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, এই প্রথম আমরা প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করছি। জনগণ যে আশা নিয়ে আমাদেরকে ভোট দিয়েছেন, আমরা তা পালন করতে শুরু করেছি। কিন্তু বর্তমান সরকার আমাদের পথের প্রধান প্রতিবন্ধক।

অতিথিবৃন্দ আরও বলেন, সরকার দেশে তেল ও গ্যাসের দাম বৃদ্ধি করে জনগণকে চরম কষ্টে রেখেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বক্তারা আরো বলেন, আমাদের প্রত্যেকটি ওয়ার্ডকে ইসলামের দুর্গে পরিণত করতে হবে। চারিত্রিক মাধুর্য দিয়ে দাওয়াতি কাজের সম্প্রসারণ করতে হবে। তাছাড়া বক্তারা ওয়ার্ড ও ইউনিটকে আরো শক্তিশালী করার জন্য বিভিন্ন ধরনের পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন।

এর পূর্বে সকাল ৯টায় একই স্থানে মহিলা জামায়াতের ওয়ার্ড সভানেত্রী-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...