রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে প্রকৌশলীর মৃত্যু

রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে প্রকৌশলীর মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প হাসপাতালের কাজ পরিদর্শনে গিয়ে জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ফারহানা হক (২৯) নামের এক নারী প্রকৌশলীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার সকালে ক্যাম্পের ব্লক-এ/১১ এলাকায় অবস্থিত আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) হাসপাতালে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফারহানা হক ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা। তিনি আইওএমের সিনিয়র ফিল্ড ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ফারহানা হক ক্যাম্প-৩-এর আইওএম হাসপাতালে যান। সেখানে পরিদর্শনের সময় অসাবধানতাবশত তার ওড়না একটি জেনারেটরের সঙ্গে পেঁচিয়ে যায়। একপর্যায়ে তার মাথার চুলও জেনারেটরের সঙ্গে আটকে গেলে তিনি গুরুতর আহত হন।

পরে হাসপাতালের দায়িত্বে থাকা চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বলেন, ক্যাম্প-৩-এর আইওএম হাসপাতালে কাজ পরিদর্শনের সময় জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ওই নারী প্রকৌশলীর মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...