কাজের মাধ্যমেই ঢাকাকে বদলে দিতে চাই: সেলিম উদ্দিন

কাজের মাধ্যমেই ঢাকাকে বদলে দিতে চাই: সেলিম উদ্দিন

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার আনন্দ বাজার এলাকায় কোমলমতি শিশুদের মাঝে পরিবেশবান্ধব কলম ও খাবার বিতরণ কর্মসূচি পালন করেছে নগর উন্নয়ন ফোরাম।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফোরামের চেয়ারম্যান ও জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এসব সামগ্রী বিতরণ করেন।

এ সময় সেলিম উদ্দিন বলেন, বিশ্ব স্বাক্ষরতা দিবসের আজকের দিনটি অত্যন্ত ঐতিহাসিক। আমরা বলেছিলাম, ‘চলো বদলে দেই ঢাকা উত্তর’। সেই অঙ্গীকারকে বাস্তবে রূপ দিতে আমরা কাজ শুরু করেছি।

তিনি বলেন, বর্জ্য কোনো সমস্যা নয়, বরং এটি একটি সম্পদ। সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে বর্জ্য থেকেই উন্নতি ও অগ্রগতি সম্ভব।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন বলেন, শুধু মুখের কথায় নয়, কাজের মাধ্যমেই আমরা ঢাকা শহরকে বদলে দিতে চাই। ইতোমধ্যে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ২০টি স্মার্ট বিন স্থাপন করে বর্জ্য সংগ্রহের মাধ্যমে এসব বর্জ্য পুনর্ব্যবহার করে পরিবেশবান্ধব কলম ইতিমধ্যেই তৈরি করা হয়েছে।

তিনি বলেন, রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছা থাকলে জনগণের কল্যাণে অনেক কিছুই করা সম্ভব। আমরা আমাদের অঙ্গীকার অনুযায়ী আজ কোমলমতি শিশুদের হাতে পরিবেশবান্ধব কলম তুলে দিতে পেরেছি। এটি আমাদের কাজের একটি ছোট্ট উদাহরণ মাত্র। এ ধরনের নতুনত্ব ও স্মার্ট চিন্তা আমাদের পথচলার শুরু। ভবিষ্যতেও নগরবাসীর কল্যাণে আরও নতুন ও সৃজনশীল উদ্যোগ অব্যহত থাকবে, ইনশাআল্লাহ।

জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, টকশো ব্যক্তিত্ব ড. ফয়জুল্লাহ, সহকারী সেক্রেটারি মো. মাহফুজুর রহমান, ঢাকা মহানগরী পশ্চিম শিবির সভাপতি মহিবুল্লাহ আল হুসাইনী, জোবায়ের হোসেন রাজন প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন