মেহেরপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় নকলের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নানা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি প্রথম বর্ষের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় বই দেখে পরীক্ষা দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে।
ইতোমধ্যে পরীক্ষার সময় নকলে জড়িত চারজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া দুজন শিক্ষককে পরীক্ষাসংক্রান্ত সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।
উক্ত ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে দুই সাংবাদিক হামলা ও মারধরের শিকার হন।
এছাড়া তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে।
এ ঘটনায় হামলার শিকার বাংলাদেশ বেতার ও নাগরিক টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি রাব্বি আহমেদ গতকাল শুক্রবার গাংনী থানায় রফিকুজ্জামান ও মনিরুজ্জামান বিপ্লবসহ অজ্ঞাতনামা আরো ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


