পথসভায় জামায়াত আমিরের প্রশ্ন: আপনারা কি কার্ড পেয়েছেন

পথসভায় জামায়াত আমিরের প্রশ্ন: আপনারা কি কার্ড পেয়েছেন

সরকারের বিতরণ করা কার্ডের সুফল সাধারণ মানুষ পাচ্ছে কি না—তা নিয়ে বিশাল গণসমাবেশে উপস্থিত জনতার কাছে সরাসরি প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জনসমাবেশে একজন মানুষও কার্ড পাওয়ার পক্ষে হাত না তোলায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, জনগণের টাকায় দেওয়া কার্ড কোথায় গেল এবং রাতের আঁধারে তা কাদের মধ্যে বিতরণ করা হচ্ছে, তা জাতি ভালো করেই জানে।

শনিবার যশোরের মুড়সী মোড়ে ১১ দলীয় জোট আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বক্তব্যের শুরুতেই কার্ড বিতরণের সমালোচনা করে জামায়াত আমির বলেন, ‘বলা হচ্ছে সেই কার্ড দিয়ে জনগণের একেবারে জীবনযাত্রার আমূল পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, ওই কার্ডগুলো আপনারা যারা পেয়েছেন তারা একটু হাত তুলেন তো দেখি!’ এ সময় উপস্থিত লাখো জনতার মধ্য থেকে একজনও হাত না তোলায় তিনি প্রশ্ন রেখে বলেন, ‘একটা হাতও তো দেখি না! আপনারা কি বাংলাদেশের জনগণ না? এই কার্ড কি কারও বাবার তহবিল থেকে দেওয়া হচ্ছে? এই কার্ড তো জনগণের তহবিল থেকে দেওয়া হচ্ছে। তাহলে এই লোকগুলো পেল না কেন? এই কার্ড কোথায় গেল? সম্ভবত এগুলো সব পুকুরপাড়ে চলে গেছে, রাতের বেলা ডিস্ট্রিবিউশন হবে।’

জাতিকে নিয়ে তামাশা না করার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘গণভোটের জনরায় আপনারা অস্বীকার করেছেন, এর মাশুল আপনাদেরকে দিতে হবে। মহান আল্লাহর ওপর ভরসা করে বলছি, এই গণরায় বাস্তবায়ন আমরা আদায় করেই ছাড়ব ইনশাআল্লাহ। এখানে কোনো ‘কিন্তু’ বা ‘অথবা’ নেই।’

সরকারকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘এক দফার আগে আমাদের সাত দফা মেনে নিন। এক দফার ওজন এত বেশি যে এর নিচে চাপা পড়লে আর উঠতে পারবেন না। অতীতে যারা এক দফার কবলে পড়েছে, তারা আর কেউ মাথা তুলে দাঁড়াতে পারেনি। তাই এই পাথর মাথায় না নিয়ে আগামী সংসদ নির্বাচনের আগেই ঘোষণা দিন যে গণভোটের রায় আপনারা বাস্তবায়ন করবেন।’

তিনি আরো বলেন, ‘ফ্যাসিবাদের রাস্তায় যারা হাঁটবে, তাদের শেষ পর্যন্ত কলাপাতায় ঘুমাতে হবে, খালে-বিলে দৌড়াতে হবে এবং দেশ ছেড়ে পালাতে হবে। সাড়ে ১৫ বছর আপনারাও মজলুম ছিলেন, আমরাও মজলুম ছিলাম। কিন্তু আজ মজলুমরা আবার জালিম হয়ে জাতির ঘাড়ে জুলুম চাপিয়ে দেবে, তা হতে দেওয়া যায় না।’

চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজমুক্ত দেশ গঠন এবং দলতন্ত্রের হাত থেকে দেশকে রক্ষা করে মানুষের মুখে স্বস্তি ফেরাতে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। জীবন দিয়ে হলেও অন্যায়ের বিরুদ্ধে রাজপথে অবিচল থাকার শপথ নিয়ে সমবেত জনতাকে যেকোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াত আমির।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন