সড়ক ও রেলপথে যাতায়ত ব্যবস্থার অব্যাবস্থাপনা, ক্রমবর্ধমান দুর্ঘটনা এবং সাধারণ মানুষের চরম ভোগান্তির জন্য তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (২২ মার্চ) এক বিবৃতিতে এই ক্ষোভ প্রকাশ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বিবৃতিতে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে একের পর এক রেল ও সড়ক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি প্রমাণ করে যে, দেশের পরিবহন খাতে চরম নৈরাজ্য ও অব্যবস্থাপনা বিরাজ করছে।
এই পরিস্থিতির জন্য তিনি সরাসরি সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমকে দায়ী করে বলেন, তার চরম অবহেলা, অদক্ষতা এবং দায়িত্বহীনতার কারণেই আজ সাধারণ মানুষ নিরাপদে চলাচলের ন্যূনতম নিশ্চয়তা থেকে বঞ্চিত।
তিনি আরও অভিযোগ করে বলেন, সড়ক ও রেলপথে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো কার্যকর কোনো পদক্ষেপ নিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। নিয়মিত তদারকির অভাব, ফিটনেসবিহীন যানবাহন চলাচল, ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতা এবং রেলক্রসিংগুলোতে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি- সবকিছু মিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গোলাম পরওয়ার কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহতদের প্রতি শোক প্রকাশ করে বলেন, ২২ মার্চ রাত ৩টায় কুমিল্লায় এক ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহত এবং অন্তত আরও ১০ জন আহত হয়েছেন।আমি নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আহতদের প্রতি ও নিহতদের শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
একইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।একই সঙ্গে অবিলম্বে এ দুর্ঘটনাসহ সাম্প্রতিক সব দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার আমি জোর দাবি জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

