জেনজি ও তরুণদের প্রত্যাশার এবং নারী সমাজের জন্য নিরাপদ এবং সম্মানের একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য দাঁড়িপাল্লা ও ১১ দলীয় জোট প্রার্থীদের মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই আহ্বান জানান। সন্ধ্যা সোয়া ৬টায় এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে এই ভাষণ প্রচারিত হয়।
১৮ মিনিটের বক্তব্যে জামায়াত আমির এই আহ্বান জানিয় বলেন, আমাদেরকে বিজয়ী করলে ইনশাআল্লাহ প্রত্যাশার একটি দেশ আমরা খুঁজে পাবো, নতুন বাংলাদেশ পাবো। আমরা বিশ্বাস করি, জনগণ পরিবর্তন চায়, সেই পরিবর্তনের জন্যই আমাদের এই আহ্বান। এই পরিবর্তন আমাদের হাতেই ইনশআাল্লাহ মানাবে, অন্য কারোর হাতে নয়।
জামায়াত আমির বলেন, এই দেশ আমাদের সময়ের এই সাহসী সন্তানদের হাতেই তুলে দিতে হবে। কারণ বাংলাদেশের ভবিষ্যৎ এই তরুণরাই রচনা করবে। এই তরুণরা পরিশ্রমী। এই তরুণরা সাহসী, এই তরুণরা মেধাবী। এই তরুণরা পরিবর্তনকে ভালোবাসে। এই তরুণরা নতুনকে আলিঙ্গন করে। এই তরুণরা সত্য বলতে দ্বিধা করে না। এই তরুণরা প্রযুক্তি বোঝে এবং সামনে এগিয়ে নিয়ে যেতে জানে। তারাই পারবে নতুন বাংলাদেশ গড়ে দিতে।
আলম-ওলামাদের উদ্দেশ্য করে তিনি বলেন, একাধিক ধর্মের এ দেশে মুসলমানগণ সংখ্যাগরিষ্ঠ। তাই মুসলমান হিসাবে এটি আমাদের দায়িত্ব যে সমাজে ন্যায় বিচার, ইনসাফ প্রতিষ্ঠা করা। এগুলো ইসলামের শাশ্বত আদর্শ। সকল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা আমাদের কর্তব্য।
তাবলীগ জামাতের অনুসারীদের সম্পর্কে তিনি বলেন, আপনারা দ্বীনের জন্য যে মেহনত করছেন, দেশ গড়ার কাজেও আপনারা আমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও আমরা গভীরভাবে বিশ্বাস করি। আমরা অঙ্গীকার করছি- ভবিষ্যতে কেউ আপনাদেরকে অন্যায়ভাবে বিভিন্ন বিশেষণে ট্যাগ দিয়ে নির্যাতন করার সুযোগ পাবে না। বিচার বহির্ভূতভাবে আপনাদেরকে হত্যা করতে পারবে না। জাতীয় নীতি-পদ্ধতিতে আপনাদের আনুষ্ঠানিক অবদান ও ভূমিকাকে জোরদার করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

