গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী শনিবার রাজশাহীতে বিভাগীয় সমাবেশ করবে ‘১১ দলীয় ঐক্যে’।
ঐতিহাসিক মাদরাসা ময়দানে সমাবেশটি শুরু হবে দুপুর ২টায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়াও সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ ও স্থানীয় নেতা এবং বিরোধী দলের সংসদ সদস্যরা বক্তব্য রাখবেন।
বৃহস্পতিবার জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ জানিয়েছে, বিভাগীয় এ সমাবেশে রাজশাহীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে প্রায় কয়েক লাখ নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে সমাবেশ সফল করার প্রস্তুতি নিয়েছে ১১ দলীয় ঐক্য।
জনতার দাবি আদায়ে সমাবেশটি সফল করতে উত্তরাঞ্চলের সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান এমপি।
সূত্রমতে, সংস্কারের জন্য গণভোটের রায় বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে গত ৩০ এপ্রিল কয়েক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য। শনিবার রাজশাহী বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে সেই কর্মসূচি শুরু হবে। পর্যায়ক্রমে আগামী ১৩ জুন চট্টগ্রামে, ২০ জুন খুলনায়, ২৭ জুন ময়মনসিংহে, ১১ জুলাই রংপুরে, ১৮ জুলাই বরিশালে এবং ২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ হবে। এসব সমাবেশে সিটি করপোরেশন, বিভাগীয় শহর ও জেলাকে সম্পৃক্ত করা হবে। সবশেষে আগামী অক্টোবরে রাজধানী ঢাকায় মহাসমাবেশ করা হবে বলে জানান ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

