আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিপেটার নিন্দা জামায়াতের

স্টাফ রিপোর্টার

সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিপেটার নিন্দা জামায়াতের

পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের গুরুতরভাবে আহত করার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এই নিন্দা জানিয়েছেন।

বিজ্ঞাপন

বিবৃতিতে তিনি বলেন, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় চলমান মাদকবিরোধী অভিযানের সময় সাংবাদিকদের উপর পুলিশের লাঠিপেটার ঘটনা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।

এই ঘটনায় অন্তত তিন জন সাংবাদিক গুরুতরভাবে আহত হয়েছেন। আহত সাংবাদিকরা হলেন তোফায়েল (বাংলা নিউজ), আকাশ (এনপিবি নিউজ) ও কাওসার আহমেদ রিপন (আজকের পত্রিকা)।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, আহত সাংবাদিকরা সাধারণত পেশাদারিত্বের সঙ্গে ঘটনা লাইভ সম্প্রচার করছিলেন, যা গণমাধ্যমের মৌলিক স্বাধীনতা ও সংবাদ সংগ্রহের অধিকার। পুলিশি হস্তক্ষেপে তাদের ওপর অযাচিত সহিংসতা চালানো কোনোভাবে গ্রহণযোগ্য নয়।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, আমরা সবাইকে মনে করিয়ে দিতে চাই যে, সাংবাদিকতা হলো জনগণের স্বার্থে সত্য তথ্য প্রকাশ করার পেশা এবং তা কোনোভাবেই নির্যাতনের মাধ্যমে দমন করা যায় না।

তিনি সরকারের নিকট সংবাদপত্র ও সাংবাদিকদের নিরাপত্তা বিধানের জোর দাবি জানান। একইসঙ্গে আহত সাংবাদিকদের দ্রুত সুচিকিৎসা নিশ্চিত করার এবং যথাযথ তদন্তের মাধ্যমে দোষী পুলিশকর্মীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।#

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন