পাকুন্দিয়ায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

পাকুন্দিয়ায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মায়ের ওপর নির্যাতন ঠেকাতে গিয়ে বড় ভাইয়ের ছুরিকাঘাতে গেন্দু মিয়া (৩০) নামে এক ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের চরদেবকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত বড় ভাই হৃদয় মিয়াকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

নিহত গেন্দু মিয়া চরদেবকান্দি গ্রামের কালাচান মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ট্রাক্টরচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গেন্দু মিয়া মাদকাসক্ত ছিলেন। শনিবার রাতে তিনি তার মায়ের কাছে মাদকের টাকা চেয়ে মারধর করছিলেন। এ সময় বড় ভাই হৃদয় মিয়া বাধা দিতে এলে দুই ভাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডা ও ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে হৃদয় মিয়া ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে গেন্দু মিয়ার বুকে আঘাত করেন।

ছুরিকাঘাতে গুরুতর আহত গেন্দু মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে মূল অভিযুক্তকে আটক করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গেন্দু মিয়া মাদকাসক্ত ছিলেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন