জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, জুলাই যোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান ও জাতীয় বীর। এসব বীরদের যথাযথ সম্মান প্রদর্শন ও প্রয়োজনীয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েই সরকারকে আগামী দিনের করণীয় নির্ধারণ করতে হবে।
তিনি জুলাই যোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে অবিলম্বে জুলাই সনদের পুরোপুরি বাস্তবায়ন করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সরকার সহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
তিনি সোমবার রাজধানীর একটি মিলনায়তনে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, উত্তরের কর্মপরিষদ সদস্য জামাল উদ্দিন, উত্তরা পশ্চিম অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুল আলম, তুরাগ মধ্য থানা নায়েবে আমির কামরুল হাসান, উত্তরা পশ্চিম থানা সেক্রেটারি ফিরোজ আলম, উত্তরা পশ্চিম থানার কর্মপরিষদ সদস্য তারিক হাসান প্রমূখ।
মত বিনিময়কালে মহানগরী আমির মোহাম্মদ সেলিম উদ্দিন শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের সঙ্গে একান্তে কথা বলেন। তিনি তাদের সমস্যার কথা অত্যন্ত আন্তরিকতা ও মনোযোগ সহকারে শোনেন এবং সেসব সমস্যা সাধ্যমত সমাধানের আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে সেলিম উদ্দিন বলেন, আওয়ামী ফ্যাসিবাদীরা দীর্ঘ পরিসরে দেশ ও জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মত চেপে বসেছিলো। ২০০৮ সালে মাফিয়াতন্ত্রীরা সাজানো ও সমঝোতার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করার জন্য জাতীয় ঐক্যমতের ভিত্তিতে কেয়ারটেকার সরকার পদ্ধতি বাতিল দেশকে ভয়াবহ নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছিলো।
রাষ্ট্রের সকল সেক্টরকে দলীয়করণ ও আত্মীয়করণ করে প্রায় ১৬ বছর চালানো হয়েছিলো অপশাসন-দুঃশাসন। তবে জুলাই যোদ্ধারা সে অবস্থা থেকে জাতিকে উদ্ধার করে দ্বিতীয়বারের মত স্বাধীনতা এনে দিয়েছিলেন। কিন্তু এতে ঝরে গিয়েছিলো প্রায় ২ হাজার তরতাজা প্রাণ। হাজার হাজার তরুণরা আহত হয়ে পঙ্গুত্ব ও অন্ধত্ব বরণ করেছিলেন।
তিনি বলেন, জামায়াত জুলাই যোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে এসেছে। আমরা প্রত্যেক শহীদ পরিবারকে কমপক্ষে ২ লাখ টাকা আর্থিক দিয়েছি। ক্ষেত্র বিশেষে আরও বেশিও দেওয়া হয়েছে।
আহতদের সুচিকিৎসার জন্য সাধ্যমত সহযোগিতা করা হয়েছে এবং এখনো তা অব্যাহত রয়েছে। আমরাই প্রথম শহীদদের তালিকা তাদের সংক্ষিপ্ত জীবনী সহ গ্রন্থাকারে বিভিন্ন ভাষায় প্রকাশ করে তাদের আত্মত্যাগ ও বীরত্মগাঁথার কথা বিশ্বের নানা ভাষাভাষীর কাছে তুলে ধরেছি। জুলাই যোদ্ধাদের প্রতি আমাদের এমন ইতিবাচক পদক্ষেপ আগামী দিনেও অব্যাহত থাকবে-ইনশাআল্লাহ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

