আলোচনা সভায় গোলাম পরওয়ার

সংগ্রামী পথ থেকে কখনো বিচ্যুত হননি ড. ওবায়েদুল্লাহ

সংগ্রামী পথ থেকে কখনো বিচ্যুত হননি ড. ওবায়েদুল্লাহ

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রচণ্ড বৈরিতা, রাজনৈতিক দিক থেকে প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে সাংস্কৃতিক ও গবেষণা বিভাগে কাজ করেছেন ড. আ জ ম ওবায়েদুল্লাহ। তবুও সত্যের অকুতোভয় এই মৃত্যুঞ্জয়ী সৈনিক কখনো আন্দোলনের সংগ্রামী পথ থেকে বিচ্যুত হননি, পিচপা হননি, দুর্বল হননি।

মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘দেশীয় সাংস্কৃতিক সংসদের’ প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় সভাপতি ড. আ জ ম ওবায়েদুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় সাহিত্য সংস্কৃতি কমিটির সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংস্কৃতিক ও রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন।

গোলাম পরওয়ার আরো বলেন, ড. ওবায়েদুল্লাহ সৌভাগ্যবান একজন মুমিন হিসেবে তার চলে যাওয়ায় আমরা অনেকে ব্যথিত ও কিছুটা বিস্মিত হয়েছি। তিনি আমাদের এই অঙ্গনকে কিছুটা শূন্যতার মধ্যে ফেলে দিয়ে চলে গিয়েছেন।

মরহুম ওবায়েদুল্লাহর বহুমুখী প্রতিভার কথা স্মরণ করে গোলাম পরওয়ার বলেন, শিশুদের নিয়ে শিশু সংগঠন, শিশুতোষ সাহিত্য লেখা, ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব দেওয়া, শিক্ষাবিদ হওয়া, দেশি-বিদেশ আন্তর্জাতিক সভা-সম্মেলনে যোগদান করা, বড় বড় বই-পুস্তক, বড় বড় জার্নালে তার অনেক লেখা প্রকাশিত হয়েছে। একটা বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষাবিদ হিসেবে ভূমিকা পালন করেছেন। সবটার মধ্যে একটা অসাধারণ সমন্বয়ের যোগ্যতাও তার ছিল। আল্লাহ তায়ালা তাকে ধৈর্য দিয়েছিলেন, তিনি কষ্টভোগ করতেন, রাত জাগতেন, পরিশ্রম করতেন মানসিক চাপ তিনি নিতে পারতেন। তার আত্মার মাগফিরাত ও জান্নাতের সর্বোচ্চ স্থান দেওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন জামায়াতের এই নেতা।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন