জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনী।
বুধবার বিকালে এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক দিলারা চৌধুরী, দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, শফিকুল ইসলাম মাসুদ এমপি, মোহাম্মদ কামাল হোসেন এমপি, রাশেদুল ইসলাম রাশেদ এমপি, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা ও সুধিজনরা।
জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণ, শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং আন্দোলনের ইতিহাস দলিলভিত্তিকভাবে সংরক্ষণের লক্ষ্য নিয়ে আয়োজিত ‘জুলাই এখনো শেষ হয় নাই’উদ্বোধনী দিনে প্রদর্শনীটি রাত ৮ টা পর্যন্ত চলে।
বৃহস্পতিবার ও শুক্রবার সকাল ১১ টা থেকে রাত ৮টা পর্যন্ত এটি চলবে বলে দলীয় সূত্রে জানা গেছে। এই প্রদর্শনীতে স্থান পেয়েছে জুলাই গণঅভ্যুত্থানের বিরল অনেক চিত্র। প্রথম দিনের বিপুল সংখ্যক দর্শনার্থী প্রদর্শনী ঘুরে দেখেন।
ডা. শফিকুর রহমান বলেন, দুই বছর আগে সংঘটিত ঘটনাপ্রবাহ ইতিহাসে বিশেষভাবে স্থান করে নিয়েছে। শিশু থেকে তরুণ সবাইকে এই ইতিহাস জানতে হবে। প্রদর্শনী ঘুরে দেখার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, এসব আয়োজন মানুষের কাছে জুলাই আন্দোলনের আত্মত্যাগকে আরো গভীরভাবে উপলব্ধি করতে সহায়তা করবে।
তিনি বলেন, কেউ যদি নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করে, তবে জনগণ অতীতের মতোই প্রতিরোধ গড়ে তুলবে। আহত ও শহীদ পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সরকারকে অতীত থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


