রাজধানীর গুলিস্তানে চাঁদাবাজির প্রতিবাদে আয়োজিত ব্যবসায়ীদের মিছিলে সন্ত্রাসী-চাঁদাবাজদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির ও ডিএনসিসির মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি অবিলম্বে হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সেলিম উদ্দিন বলেন, সরকারের রহস্যজনক নীরবতা ও উদাসীনতার কারণেই দেশ এখন রীতিমত চাঁদাবাজদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এ অপতৎপরতার সবচেয়ে বড় ভিকটিম হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।
জামায়াতের এই নেতা বলেন, লাগামহীন চাঁদাবাজিতে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা গত ৪ জুলাই বিকেলে রাজধানীর গুলিস্তানে এক বিক্ষোভ মিছিল বের করেন। কিন্তু ব্যবসায়ীদের শান্তিপূর্ণ বিক্ষোভে চাঁদাবাজেরা হামলা হালিয়ে তাদের কুপিয়ে যখম করে। প্রকাশ্য দিবালোকে এই হামলা চালানো হলেও পুলিশের ভূমিকা ছিল রহস্যজনক, যা দেশের অবনতিশীল আইনশৃঙ্খলার ভয়াবহ অবনতির কথা স্মরণ করিয়ে দেয়।
তিনি বলেন, জুলাই বিপ্লব ও ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নতুন সরকার গঠিত হওয়ার পর জনগণ আশা করেছিল দেশে আইন ও সাংবিধানিক শাসন প্রতিষ্ঠিত হবে। দেশে চাঁদাবাজি থেকে শুরু করে সব ধরনের দুর্নীতি ও লুটপাট চিরতরে বন্ধ হয়ে যাবে। কিন্তু অতি অল্প সময়ের মধ্যেই জনগণ হতাশ হতে শুরু করেছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, সরকারি দলের একশ্রেণির মূল্যবোধহীন নেতাকর্মীর প্রত্যক্ষ ও পরোক্ষ পৃষ্ঠপোষকতায় সারা দেশে লাগামহীন চাঁদাবাজির মহোৎসব চলছে। এ কাজে সহায়তা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একশ্রেণির সদস্য। গুলিস্তানের ঘটনায় পুলিশের দায়িত্বহীনতা সে কথাই স্মরণ করিয়ে দেয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

