তানোরে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত

তানোরে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত
ছবি: সংগৃহীত

রাজশাহীর তানোরে টিসিবির পণ্য নিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় আনসার আলী ভূঁইয়া (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের প্রাণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী রেজিয়া বিবি বাদী হয়ে মামলা করেছেন। মামলায় ওবায়দুল্লাহ নামের এক যুবককে আসামি করা হয়েছে।

নিহত আনসার আলী তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কচুয়া গ্রামের বাসিন্দা। জানা যায়, তিনি প্রায় ১৪ বছর ধরে উপজেলার কচুয়া নামোপাড়া গ্রামের মোজাম্মেল হকের বাড়িতে সাংসারিক কাজ করতেন।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে আনসার আলী পাঁচন্দর ইউনিয়ন পরিষদ থেকে নিজের কার্ডের টিসিবির পণ্য নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। বিকেল আনুমানিক ৩টার দিকে পাঁচন্দর ইউনিয়ন পরিষদের গেটের সামনে সড়ক পার হওয়ার সময় ওবায়দুল্লাহ নামক এক ব্যক্তির মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে তানোর ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে বিকেল ৫টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী রেজিয়া বিবি বাদী হয়ে সোমবার রাতে তানোর থানায় মামলা করেন।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান বলেন, ‘সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।’

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন