আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জীবননগরে দলীয় নেতার মৃত্যু

হত্যাকারীদের কঠোর শাস্তি দাবি জামায়াতের

স্টাফ রিপোর্টার

হত্যাকারীদের কঠোর শাস্তি দাবি জামায়াতের

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বিএনপির সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বাঁকা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মফিজুর রহমানের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং হত্যাকারীদের কঠোর শাস্তি প্রদানের দাবি জানিয়েছে দলটি।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই দাবি জানান।

বিজ্ঞাপন

বিবৃতিতে তিনি বলেন, গত ২৮ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ বাজারে পূর্বপরিকল্পিতভাবে বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের সন্ত্রাসীরা জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলা চালায়।

এসময় তারা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে জামায়াত কর্মী হাফিজুর রহমানকে নিহত করে এবং তার আপন ভাই জবীননগরের বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমান গুরুতরভাবে আহত হন। দীর্ঘ ১০ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মঙ্গলবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিএনপি সন্ত্রাসীদের এই পৈশাচিক ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

গোলাম পরওয়ার আরো বলেন, অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে আওয়ামী ফ্যাসিবাদের পতনের পর বিএনপি সন্ত্রাসীদের এমন নারকীয় ও কাপুরুষোচিত বর্বর হত্যার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য এবং গণতান্ত্রিক রাজনীতির জন্য মারাত্মক হুমকি। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য এটি অত্যন্ত উদ্বেগজনক। এই নৃশংস হামলা এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বিএনপির সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আমরা সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।

তিনি সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকারকে অবশ্যই দেশে আইনের শাসন এবং নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যদি তা না করা হয়, তবে অপরাধীরা আরও উৎসাহিত হয়ে হত্যা, খুন, ধর্ষণসহ নানা অপকর্মে লিপ্ত হবে এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে। এই উদ্ভূত পরিস্থিতির জন্য সরকারকেই দায়ী থাকতে হবে।

তিনি বলেন, আমরা নিহত মফিজুর রহমানের রূহের মাগফিরাত ও তার শাহাদাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন